সিঙ্গাপুর পুলিশ বিদেশ থেকে পাচার করে আনা প্রায় ১০০ কোটি ডলারের অর্থ-সম্পদ জব্দ করেছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-০৮-১৭ ০৯:২৭:৩০
image

সিঙ্গাপুর পুলিশ বিদেশ থেকে পাচার করে আনা প্রায় ১০০ কোটি ডলারের অর্থ-সম্পদ জব্দ করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
গত মঙ্গলবার সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) এই অভিযান পরিচালনা করে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার পুলিশ সিঙ্গাপুরের ট্যাংগ্লিন, বুকিট টিমাহ, অরচার্ড রোড, সেনটোসা, রিভার ভ্যালিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের পর গতকাল বুধবার রাতে নারীসহ ১০ জনকে আটক করেছে সিঙ্গাপুর পুলিশ। তাঁদের অভিযুক্ত করা হয়েছে একই রাতে।  তাঁরা সিঙ্গাপুরে বিলাসবহুল জীবন যাপন করেন।
এই অভিযানকে দেশটির ইতিহাসে মানি লন্ডারিংবিরোধী সবচেয়ে বড় অভিযানগুলোর একটি বলা হচ্ছে। জব্দের তালিকায় নগদ অর্থ, বিলাসবহুল গাড়ি, অলংকার, হাতব্যাগ, ঘড়ি, মদ, মুঠোফোন, কম্পিউটারসহ নানা জিনিস রয়েছে।
সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে চীনা, তুর্কি, সাইপ্রাস, কম্বোডিয়ান এবং ভানুয়াতুর নাগরিক রয়েছেন। তাদের বিরুদ্ধে জালিয়াতি, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
সিঙ্গাপুরের কমার্শিয়াল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের (সিএডি) ডিরেক্টর ডেভিড চিউ বলেছেন, সিঙ্গাপুরকে এই ধরনের অপরাধের কেন্দ্র হওয়া থেকে রক্ষা করতে পুলিশ আইন প্রয়োগকারী সংস্থা এবং আর্থিক গোয়েদা ইউনিটের সঙ্গে কাজ করবে।