জেরোম পাওয়েলকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের, তদন্তের দাবিও জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

  • আন্তর্জাতিক ডেস্ক:
  • ২০২৫-০৭-০৪ ০০:২৪:০২
image

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে তিনি লেখেন, "এটা অনেক দেরি হয়ে গেছে। এখনই তার পদত্যাগ করা উচিত!!!"
ট্রাম্প তার পোস্টে একটি সংবাদ প্রতিবেদনও শেয়ার করেন, যেখানে বলা হয়েছে—ফেডারেল রিজার্ভের ওয়াশিংটন সদরদপ্তরের সংস্কার সংক্রান্ত ব্যয় এবং তথ্য নিয়ে জেরোম পাওয়েল মিথ্যাচার করেছেন। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছে একটি আবাসন নিয়ন্ত্রণকারী সংস্থা।
প্রসঙ্গত, জেরোম পাওয়েলকে ২০১৮ সালে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিয়োগ দিয়েছিলেন। তবে পরে সুদের হার কমাতে ব্যর্থ হওয়ায় ট্রাম্প তার প্রতি অসন্তোষ প্রকাশ করতে থাকেন। ট্রাম্পের মতে, উচ্চ সুদের হার মার্কিন অর্থনীতির গতিকে মন্থর করে দিচ্ছে, যা তিনি বর্তমান প্রশাসনে পুনরুজ্জীবিত করতে চান।
পাওয়েল সম্প্রতি এক মন্তব্যে জানান, যদি ট্রাম্পের শুল্কনীতির চাপ না থাকত, তাহলে ফেডারেল রিজার্ভ আগেই সুদের হার কমিয়ে দিত। তিনি বলেন, "আমার মনে হয়, ট্রাম্পের শুল্ক ঘোষণা না এলে আমরা আগেই হার কমাতে পারতাম।"
এদিকে ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির প্রধান বিল পল্টেও জেরোম পাওয়েলের সমালোচনায় মুখর হয়েছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “আমি কংগ্রেসকে আহ্বান জানাচ্ছি জেরোম পাওয়েলের রাজনৈতিক পক্ষপাত ও বিভ্রান্তিকর তথ্যভিত্তিক সাক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের উদ্যোগ নিতে। এসব কারণে তাকে অপসারণের যৌক্তিকতা তৈরি হয়েছে।”
তবে ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।
আইনি দিক দিয়ে বিচার করলে, ১৯৩৫ সালের সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়েছে, স্বাধীন ফেডারেল সংস্থার বোর্ড সদস্যদের মেয়াদ শেষ হওয়ার আগে সরানো যাবে না, যদি না তা ‘গুরুতর কোনো কারণ’ দ্বারা প্রমাণিত হয়। জেরোম পাওয়েল নিজেও বলেছেন, “আমি প্রেসিডেন্টের অনুরোধে পদত্যাগ করব না, কারণ এটি আইনবিরুদ্ধ।”
ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক ক্যারিয়ারে নানা সময় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত প্রথা ভেঙে ফেলেছেন। বিভিন্ন স্বাধীন সংস্থার প্রধানদের সরিয়ে দেওয়ার নজিরও রয়েছে তার প্রশাসনে। ফলে পাওয়েলকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি ভবিষ্যতে আদালত পর্যন্ত গড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের আর্থিক নীতির ভবিষ্যৎ ও ফেডারেল রিজার্ভের নিরপেক্ষতা নিয়ে এই পরিস্থিতি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।