বাংলাদেশ নারী ফুটবলে যুক্ত হলো আরেকটি গৌরবোজ্জ্বল অধ্যায়। প্রথমবারের মতো নারী এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা। কঠিন পথ পেরিয়ে ইতিহাস গড়েছে আফঈদা, ঋতুপর্ণারা। এখন বাকি শুধু একটি ম্যাচ-তুর্কমেনিস্তানকে হারিয়ে শতভাগ সাফল্য নিশ্চিত করাই তাদের পরবর্তী লক্ষ্য।
জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার শিউলি আজিম, যিনি এর আগে দুটি নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে দলে ছিলেন, জানালেন-এই অর্জন কেবল একটি টুর্নামেন্টে কোয়ালিফাই করাই নয়, বরং এটি বাংলাদেশ নারী ফুটবলের দীর্ঘ পথচলার প্রতিদান।
তিনি বলেন, “আমরা যখন গ্রুপিং দেখেছিলাম, তখনই বিশ্বাস জন্মেছিল-মনপ্রাণ দিয়ে খেললে আমরা পারব। সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দিয়েছে মেয়েরা। এখনো একটি ম্যাচ বাকি আছে, তাই এখনই বড় কোনো উদযাপন করিনি। তবে তুর্কমেনিস্তান ম্যাচের পর আমরা মনভরে উদযাপন করব।”
শিউলি আরও জানান, “গতকাল আমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ শেষ হয়েছে। তাই আজ আমরা রিকভারি সেশন করছি-স্ট্রেচিং, সুইমিং-সব কিছু নিয়মমাফিক চলছে। মেয়েরা খুব ভালো মুডে আছে।”
তাদের লক্ষ্য এখন একটাই-শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে পৌঁছানো। এশিয়ান ফুটবলের মানচিত্রে নিজেদের অবস্থান আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করাই এখন সবার অভিন্ন স্বপ্ন।
এই সাফল্য শুধু একটি দলের নয়, এটি বাংলাদেশ নারী ক্রীড়ার অগ্রযাত্রার প্রতীক। শিউলি বলেন, “এই অর্জন আমাদের বহুদিনের ঘাম, কষ্ট আর আত্মত্যাগের ফল। মেয়েরা নিজেদের দিয়ে খেলেছে, পরিবার থেকে দূরে থেকে লড়াই করেছে। আমরা সবাই বিশ্বাস করি—এটাই শুধু শুরু, সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে।”
ম্যাচ খেলেছে: ২
জয়: ২
গোল ব্যবধান: +৭
শেষ ম্যাচ: তুর্কমেনিস্তান বনাম বাংলাদেশ (আগামীকাল ৪ জুলাই)