স্বামীকে প্রেমিকের সঙ্গে মিলে হত্যা: হরিণাকুণ্ডুর রিতা ও মালেকের যাবজ্জীবন

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • ২০২৫-০৭-০৩ ১৯:১৭:৪৬
image

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভালকী গ্রামে চাঞ্চল্যকর জসিম উদ্দিন হত্যা মামলায় স্ত্রী রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে উভয়কে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক উৎপল ভট্টাচার্য্য এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২২ সালের ১৭ নভেম্বর রাতে ঘটেছিল নির্মম এই হত্যাকাণ্ড। স্বামী জসিম উদ্দিনের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্ক থাকা সত্ত্বেও স্ত্রী রিতা খাতুন গড়ে তোলেন পরকীয়ার সম্পর্ক। তার প্রেমিক ছিলেন একই উপজেলার ভালকী গ্রামের আব্দুল মালেক।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন তারা কৌশলে জসিমকে বাড়ির পাশের নির্জন স্থানে ডেকে নেন। পরে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে শ্বাসরোধে হত্যা করেন। মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যান অভিযুক্তরা।
নিহত জসিমের ভাই আব্দুর রশিদ হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পান উপপরিদর্শক (এসআই) অনিশ মন্ডল, যিনি দীর্ঘ তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।
রায়ে আদালত বলেন, “পরকীয়ার সম্পর্ক থেকে উদ্ভূত পরিকল্পিতভাবে একটি জীবন হরণ করা হয়েছে। রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে যে এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত।”
বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাডভোকেট নেকবার হোসেন, এবং অ্যাডভোকেট রিমা ইয়াসমিন। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট গৌতম কুমার।