না সি য়া ডে লা

  • কচুপাতায় প্রেম!
  • ২০২৫-০৭-০২ ০০:২০:৫৯
image

একটা প্রকাশ্য গভীর চুম্বন 
যদি তুমি দিতে নাই পারো , 
তবে কেমোন তরো ভালোবাসলে আমায় ? 
তবে যে বলো ভালোবাসি! 
খান খান করে ভেঙে দিতে কেনো পারোনা 
হাজার বছরের আইন ও বিধান? 
স্ববলে জরিয়ে ধরে নির্লজ্জের মতো 
সবার সামনে বলে দাও, তুমি শুধু আমার!  
একবার করেই তো দেখো! 
কতটা ভাংচুর হয়। 

হয়তো সুশীল আইন ক্ষেপে উঠবে, 
অঙ্গপ্রত্যঙ্গ থেকে খসে পড়বে 
সাময়িক ভদ্রতার শৃঙ্খল। 
কলঙ্কের দাগে তোমার শরীর হবে কৃষ্ণবর্ণ 
তাতে কি! আমি তো বুঝবো 
তোমার ভালোবাসায় মিশে আছে নির্ভেজাল
সরীসৃপের মতো হিমকরা রক্তকণিকা। 
দেখো ! আমার আছে খাঁটি বিষ , 
তোমায় পূর্ণ করতে। 

আমরা কি তীব্র ভালোবাসায় 
জ্বলে উঠতে পারিনা নাগ মণির মতো ?
কিন্তু তুমি পারোনা,
তোমার চোখের পাতার অশ্রুবিন্দু ক্ষণায়ু, 
কচুপাতার অস্তিত্বের মতো টলমল করে,
মুহুর্তেই অনন্তে ঝড়ে যায়। 
ঝড়ে যায় আমাদের প্রচন্ড পবিত্র ভালোবাসা,  
আর তীব্র নোনা স্রোতে ভরে দেয় রক্তনালিগুলো। 
তারপর!  হার্টফেল করে খুব গোপনে। 
কেউ জানেনা সে মৃত্যুর ।