প্র দী প গু প্ত

  • তোমার উদাসীনতা
  • ২০২৫-০৭-০২ ০০:১৬:৪১
image

তোমার উদাসীনতা 
আমাকে আরও বেশী করে মনযোগী করে তোলে।
আমি ভুলে যাই বৃষ্টির কথা
আমার চোখের সুমুখ দিয়ে উড়ে যায়
ধবল বলাকার সারি
কদম রেণুর দল অবাক হয়ে তাকিয়ে দেখে
তাদের সোহাগ না করে আমার চলে যাওয়া 
তোমার শাড়ির পাড়ের ভেতর হরিদ্রাভ ধানখেত, 
তোমার চলে যাওয়ার পদচিহ্নে খুঁজে ফিরি
আলপথের বুকে এঁকে রাখা বুনো কলমির আলপনা।
তোমার চুলে ফুটে ওঠে বাদলে ছাওয়া আকাশ
আর তোমার দুচোখে খুঁজে ফিরি নিশ্চিন্ত আশ্বাস।

সমস্ত আকাশ জুড়ে তোমার আসার বিপূল আয়োজন
শ্রাবণের জাতক আমি, এ জন্যই বুঝি আকাশজুড়ে
মেঘের ঘনঘটা, এ জন্যই বুঝি উড়ে যাওয়া বলাকারা
আমায় ডেকে বলে যায় -- তুমি বিদ্যুৎপ্রভা হয়ে আসছো। 
আমি তোমার পদ্মপাতায় বাঁধবো বলে নূপুরের খোঁজে পাগল হয়ে উঠি।
ওহে শাওন।
সবাই কেনযে চোখের হাসিতে না ধরে
তোমায় আঁখিকোণে অশ্রুফুলের মাঝে খুঁজে ফেরে!