শয়তানের বুক-মুখ সই করে পাথর মারছি
আছড়ে পড়ছে পাথর কংক্রিট কঙ্কালে
ধ্বনিত হচ্ছে তাকবির-আল্লাহু আকবর।
বিপুল উৎসাহ আর উদ্দীপনা দৃশ্যমান মিনা জামারাতে
আনুষ্ঠানিকতায় বিশাল কর্মযজ্ঞ ধর্মপ্রাণ মুসলিমের,
উদ্দেশ্য সবার একটাই-প্রতীকী পাথর নিক্ষেপ।
শয়তান বিপথে তাড়িত করে, পাপকাজে প্রলুব্ধ করে
বাধা দেয়, নিরুৎসাহিত করে যাবতীয় পুণ্যকর্মে
অতএব চরম ঘৃণা ও ক্ষোভই প্রাপ্য শয়তানের,
কিন্তু শয়তানের জিহ্বা কই-যা দিয়ে লালা ঝরে
চোখ কই-যা দিয়ে দর্শন করে তামাম সৌন্দর্য
নাক কই-যা দিয়ে সর্ব বস্তুর ঘ্রাণ আস্বাদন করে,
পার্থিব উপভোগ্য যা-কিছু সবই তো মানুষের !
আমার জীবন ও যৌবনকে পুঁজি করে
শয়তান নাকি খেলা করে আমাদের রগে-রসে,
তাই প্ররোচিত হই যাচ্ছেতাই অমিত ভোগবিলাসে-
পাথরগুলো সব আমার দিকেই নিক্ষিপ্ত হয়
আমিই প্রতিভূ শয়তান-অতৃপ্ত বাসনায়।