প্র দী প গু প্ত

  • শৈশব ও তুমি... বৃষ্টি
  • ২০২৫-০৬-৩০ ০৩:১৮:৪৮
image

আমি কোনোদিনও বৃষ্টি পড়া দেখিনি
কোনো দিনও ছুঁই নি বৃষ্টিকে।
বৃষ্টি পড়ার শব্দ শুনিনি কোনোওদিন
তোমরা শুধু গুমোট কাটাতে
দরোজা জানালা বন্ধ করা ঘরটাতে
এসি মেশিনটাকে অন করে দিয়েছো মা।

একদিন কি জানি কি হয়েছিলো
একটা খবরের কাগজ কেটে বাবা একটা
নৌকা বানিয়ে আমার হাতধরে স্নানঘরে নিয়ে গেলেন,
বাথটাবটা ভরে নিয়ে লক করে দিয়ে সেই জলে
ভাসিয়ে দিলেন নৌকোটা।
খিলখিল করে হেসে দুহাতে তালি বাজিয়ে
একটা বাচ্চাছেলের মতো নেচে উঠেছিলেন বাবা
সেইদিন।
বলেছিলেন - " জানিস ছেলেবেলায় আমরা আমাদের উঠোনে --"
আমার কানে আর কিছু ঢুকছিলো না মা --
বাবা চলে গেলে আমি নৌকোটাকে দলা পাকিয়ে
কমোডে ফেলে দিয়ে ফ্লাশ টেনে দিয়েছিলাম।

আমি ঠান্ডা ঘরে বসে ল্যাপটপে বৃষ্টি পড়া দেখি
ওর ঝরে পড়ার শব্দ শুনি,
আর কোন বাচ্চাকে উদোম গায়ে ভিজতে দেখলেই
খুলে ফেলি জামার বোতাম।
চোখ বন্ধ করে দুহাত তুলে দাঁড়াই,
ল্যাপটপে বৃষ্টির ঝরে পড়ার শব্দ আর বাচ্চাটার
আনন্দের চিৎকার আমায় ভিজিয়ে দেয়,
অনর্গল ভেজাতে থাকে,
আমি ভিজতে থাকি, ভিজতে থাকি, ভিজতে থাকি, মাগো ---