ভোলাহাটে হত্যাচেষ্টায় উস্কানির অভিযোগে আলোচিত বিএনপি নেত্রী শাহনাজ গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৬-২৯ ২৩:৫১:৩৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের আলোচিত বিএনপি নেত্রী,জেলার ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান,ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহব্বায়ক,উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী শাহনাজ খাতুন ওরফে শিমু শাহনাজকে (৪০) একটি হত্যাচেষ্টা মামলার উস্কানিদাতা হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত শনিবার(২৮জুন) রাত ১০টার দিকে ভোলাহাট সদরের ছাইতনতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  
প্রাথমিক তদন্ত এবং এজাহারের বরাতে পুলিশ আরও জানায়, গত ২৩ জুন ভোলাহাটের চরধরমপুর গ্রামে তাজকেরা বেগম(৪০) নামে এক গৃহবধু পারিবারিক কলহের জেরে তাঁর স্বামী সাইবুর রহমানের(৪৫) শরীরে ফুটন্ত পানি  এবং ডাল ঢেলে ঝলসিয়ে দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সাইবুরের ভাই অহেদুর রহমান গত শনিবার(২৮জুন) বিকালে ভোলাহাট থানায় মামলা করেন। মামলায়  সাইবুরের স্ত্রীকে প্রধান এবং শাহনাজকে ৬ নং আসামী করা হয়। এজাহারে উল্লেখ করা হয়,  তাজকেরা বেগম বিএনপি নেত্রীর ঘনিষ্ঠ এবং তাঁর নির্দেশ ও উস্কানিতে স্বামীকে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছেন।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম বলেন, রবিবার বিকালে শাহনাজকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।