নিজস্ব প্রতিবেদক |
একটি টাই না পরার গল্প দিয়েই শুরু হয়েছিল স্মৃতিচারণ। টাই না পরে হাজির হওয়া সেই মানুষটিই আজ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রতীকী চরিত্র- আমিনুল ইসলাম বুলবুল। ২৫ বছর আগে, যিনি ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে করেছিলেন ঐতিহাসিক সেঞ্চুরি; আর আজ সেই বুলবুল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির আসনে।
বাংলাদেশের টেস্ট মর্যাদার ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘হোম অব ক্রিকেট’ শের-ই-বাংলা স্টেডিয়ামে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। কেন্দ্রবিন্দুতে ছিলেন সেই সব প্রথম টেস্ট সেপাইরা, যাঁদের ঘামে মাটিতে বোনা হয়েছিল এই মর্যাদার বীজ। বুলবুলের টাই না পরা চোখে লেগে থাকলেও, মন পরিপূর্ণ ছিল সম্মানে-বিশেষ ব্লেজার আর স্মারক দিয়ে সম্মানিত করা হয় সকল প্রথম টেস্ট খেলোয়াড়কে।
২০০০ সালের ২৬ জুন-দিনটি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অমোচনীয় মোড়। এই দিনেই আইসিসি’র পূর্ণ সদস্যপদ অর্জন করে বাংলাদেশ, পায় টেস্ট খেলার স্বীকৃতি। ঠিক ২৫ বছর পর, একই দিনে বিসিবির আয়োজনে সেই অর্জন উদযাপন করা হলো নানা রঙে, নানা মাত্রায়।
সপ্তাহব্যাপী কর্মসূচিতে ছিল-
অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড টুর্নামেন্ট
চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ধারাভাষ্য প্রতিযোগিতা
‘হিট দা স্টাম্প’ গেম
এবং আজকের চূড়ান্ত সম্মাননা অনুষ্ঠান।
উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, যিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের টেস্ট ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করে বলেন- “সাফল্য হয়তো সংখ্যায় কম, কিন্তু প্রথম ২৫ বছরে যেসব দেশ টেস্ট খেলতে শুরু করেছে, তাদের তুলনায় বাংলাদেশ চতুর্থ স্থানে। এটা নিঃসন্দেহে সম্ভাবনার ইঙ্গিত দেয়।”
অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্ত ছিল, যখন বাংলাদেশের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু নিজ হাতে আমিনুল বুলবুলকে টাই পরিয়ে দেন। ২৫ বছর আগেও তিনিই ছিলেন ক্রিকেট প্রশাসনের একজন চালিকা শক্তি, আজও সেই হৃদ্যতা ছুঁয়ে গেল উপস্থিত সকলকে।
বাংলাদেশের টেস্ট ইতিহাস কখনোই খুব উজ্জ্বল সংখ্যার হিসেবে নয়। তবে পরিসংখ্যানের বাইরে, এই দীর্ঘ পথচলায় রয়েছে আত্মত্যাগ, প্রতিজ্ঞা, ও প্রতিরোধের গল্প। আজকের দিনটি সেই গল্পগুলোকেই ফিরিয়ে এনেছে সম্মানের ছায়ায়।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, “সেদিন আমরা শুধু একটা ম্যাচ খেলিনি, একটা জাতির স্বপ্ন শুরু করেছিলাম। আজ ২৫ বছর পর, আমি এই চেয়ার থেকে বলছি-আমরা পিছিয়ে নেই, আমরা এগিয়ে যাব।”
সম্মাননা গ্রহণের পাশাপাশি ক্রিকেটাররা স্মরণ করেন সেই সময়ের সংগ্রামের কথা-যেখানে ঘরের মাঠে খেলার জন্যও ছিল না পর্যাপ্ত অবকাঠামো, প্রশিক্ষণের ঘাটতি ছিল প্রকট, আর আন্তর্জাতিক ম্যাচ ছিল হাতেগোনা।
তবুও তারা খেলেছিলেন। আর আজকের প্রজন্ম পাচ্ছে সেই লড়াইয়ের ফসল-নির্বিঘ্ন টেস্ট সূচি, বিশ্বমানের কোচিং স্টাফ, ক্রিকেট একাডেমি, উচ্চমানের লিগ কাঠামো।
২৫ বছর আগে যে স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল, আজ তা পৌঁছেছে এক সন্ধিক্ষণে। বাংলাদেশের টেস্ট ক্রিকেট এখনো কাঙ্ক্ষিত শিখরে পৌঁছায়নি-তবে পথচলায় যে আত্মবিশ্বাস জন্মেছে, তা একদিন হয়তো আমিনুলের সেই টাইহীন শুরুকে এনে দেবে এক সুবর্ণ পরিণতি।