কতদিন হল যাইনি কোথাও তুমি আমি বেড়াতে,
হেমন্তের হিমেল হাওয়া গায়ে লাগিয়ে যেতাম চলে পাহাড়ে।
রাতের গাড়ি প্ল্যাটফর্মে ট্রেন থামলেই নামতে হবে তোমাকে,
নিশীথ রাত সবাই আছে ঘুমিয়ে, নেই ঘুম শুধু তোমার চোখে,
প্রতি প্ল্যাটফর্মে নামা তোমার চাই।
আতঙ্কিত আমি ভয়ে তোমার হাত ধরতাম জড়িয়ে
হেসে বলতে তুমি অন্ধকারে চাঁদের আলোয় তুমিও নামোনা একবার
দেখবো রাতের একলা চাঁদের রহস্যকে দুজনে,
আমি বলতাম, " পাগল নাকি! নির্জন রাত তুমিও নেমোনা আর,
শুনতেনা কথা নেমে যেতে তুমি উঠতে আবার চলন্ত ট্রেনে,
মাততে নেশায় ভয় দেখাবার খেলায় শুধু আমাকে।
এইভাবে একদিন নেমে গেলে তুমি আমার জীবনের প্ল্যাটফর্ম থেকে,
ফিরলেনা আর কোনদিন, জানিনা কি অভিমানে।
আজও যখন ট্রেনে যাই আমি তাকিয়ে থাকি আকুল চোখে
অন্ধকারের প্ল্যাটফর্মে কেউ কি আছে!
নিশীথ রাতের ধূ ধূ প্রান্তর গাছের পাতা দোলে শুধু ছায়ার মতন প্ল্যাটফর্মে
কই! কেউ তো নেই প্ল্যাটফর্মে,
শূন্য প্ল্যাটফর্ম হাত নেড়ে যেন বিদায় জানায় আমাকে।