না সি য়া ডে লা

  • কান পেতে রই !
  • ২০২৫-০৬-২৫ ১২:০২:৫৫
image

তুমি শুধু একবার কাছে আসো! 
দেখবে,  স্লিপিং টেবলেটগুলো অবসর নিয়ে 
ড্রয়ারের এক কোনে মুখ লুকাচ্ছে। 
খালি হয়ে যাবে বাসী শুকনো ক্রিষ্টালের ফুলদানী ,ঘষেমেজে ভরে রাখবো 
রজনীগন্ধার আর গোলাপের স্টিক, 

দুজনে মাটির ভারে গরুর দুধের চা খাবো,
 গোয়ালাকে খবর পাঠিয়ে দিয়েছি 
প্রতিদিন দুধ দিয়ে যেতে। 
এ শহরে প্রচুর ধূলিঝড় উড়ে, 
বাতাসে বাতাসে বইয়ে যায় একটু দুরে রাখা 
ডাষ্টবিনের ঝাঁঝালো দুর্গন্ধ। 

তাই জানালায় ভারিক্কি পর্দা দিয়েছি, 
  তুমি আসলে ওটা সরিয়ে দিয়ে 
সাদা পাতলা শিফনের পর্দা লাগাবো। 
আমার বরাবরই সাদা পছন্দ, 
তাই রজনীগন্ধা ফুল- পর্দা -বেডকভার -কুশন বালিশ   
টেবিলক্লথ আর বেলকনি লাগোয়া ইজিচেয়ারের কভার টাও সাদা রঙে
শুভ্র নির্মলতায় ভরিয়ে দিবো।  

তোমারও  বয়স হয়েছে, 
দাড়ি মোছের মধ্যে কদম ফুল ফুটেছে, 
সেটা দেখতে আমার দারুন লাগে। 
ভাবছি তোমার মুখ থেকে 
কখনও সাদা রঙটা মুছে দিতে দিবোনা।
 তুমি ওমনই থাকবে, 
আমার অন্দরমহলের সব সাজের সাথে 
তোমাকে মিলিয়ে রাখবো।

তুমি যখন আসবে আমার কাছে নবরূপে 
ধন্য হবে আমার সব সাজসজ্জা।
 ধন্য হবে এ শহর, 
শহরের প্রতিটি ল্যাম্পপোষ্ট, 
ট্রাফিক সিগন্যালের সবুজ বাত্তিগুলো 
জ্বলে উঠবে তোমার পায়ের ধ্বনিতে।  
আমি বুঝতে পারবো সেই আগমনী বার্তা নিরবে। 

তোমার আগমনের খবর পেয়ে 
শহরের কুকুরগুলো চিৎকার করা ছেরে দিবে, গরুগুলো ডাষ্টবিন থেকে আর 
উচ্ছিষ্ট খাবার খাবে না।
চারিদিকে ছড়িয়ে পড়বে তার খুশবো। 
শুধু তুমি একবার
সব বাধা ভয় দ্বিধা দন্ড বোধ কাটিয়ে চলে আসো, 

আমি দক্ষিণের দুয়ার খুলে দিবো মধ্যেরাতে।   
শয্যাকক্ষে থাকবে ওই চতুর্দশী বিবস্ত্র চাঁদ আর তুমি। 
তখন অবাক দৃষ্টিতে দেখবে 
মায়ায় ভরা নিরাভরণ তনুশ্রীতে জরানো 
সাদা ধপধপে মিহি সুতোয় ঢাকা 
তোমার নীলপদ্মকে ।
তুমি শুধু একবার কাছে আসো!