একাত্তরসহ সব সময়ের জন্য নিঃশর্ত ক্ষমা: জামায়াত আমির ড. শফিকুর রহমান

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৬-২৫ ১১:৩৪:৩৫
image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল হিসেবে কিংবা ব্যক্তিগতভাবে অতীতের যেকোনো ভুলের জন্য তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। শুধু ১৯৭১ সালের নয়, ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত জামায়াত বা দলের কোনো নেতাকর্মীর কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের সকলের কাছে তিনি ক্ষমাপ্রার্থী।
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে এসব মন্তব্য করেন ড. শফিকুর রহমান। অনুষ্ঠানে এক প্রশ্নে তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়-যুদ্ধাপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর তিনি একটি সংবাদ সম্মেলনে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন। প্রশ্ন ছিল, তাঁর সেই ক্ষমা প্রার্থনায় ১৯৭১ সালের সময়কাল অন্তর্ভুক্ত ছিল কি না।
জবাবে ডা. শফিক বলেন, “আমি আগেও বলেছি, আবারও বলছি- শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে, কারও ক্ষতি হয়ে থাকলে, আমি বিনা শর্তে সেই মানুষগুলোর কাছে ক্ষমা চাচ্ছি। এটি আমার ব্যক্তিগত অনুশোচনার বহিঃপ্রকাশ, রাজনৈতিক কৌশল নয়।”
তিনি বলেন, “মানুষ ব্যক্তি হিসেবেও ভুল করে,সংগঠন হিসেবেও ভুল করতে পারে। কিন্তু এই ভুলগুলো ইতিহাসের প্রেক্ষাপটে বিচার করতে হবে। আজ যেটা ভুল মনে হচ্ছে, কাল সেটা ইতিহাসের আলোকে অন্যভাবে মূল্যায়িত হতে পারে।”
জামায়াত আমির আরও বলেন, “আমরা একটি আদর্শভিত্তিক দল হিসেবে বিশ্বাস করি-মানুষ হিসেবে আমরা ভুলের ঊর্ধ্বে নই। আমাদের কর্মকাণ্ড, বক্তব্য কিংবা অবস্থানের মাধ্যমে কেউ কষ্ট পেলে বা ক্ষতিগ্রস্ত হলে সেটার দায় এড়িয়ে যেতে পারি না।”
তিনি বলেন, “ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই। এটা দুর্বলতা নয়, বরং মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ থেকে উঠে আসা একটা সাহসী অবস্থান। আমি কোনো শর্ত ছাড়াই, রাজনৈতিক সংশয় ছাড়াই এই ক্ষমা চেয়েছি।”
এই বক্তব্যে রাজনৈতিক বিশ্লেষকরা নানা ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ কেউ মনে করছেন, জামায়াতের ইতিহাসে এ ধরনের সরাসরি ক্ষমা চাওয়ার ঘটনা নজিরবিহীন। আবার কেউ বলছেন, এটি জনমত নরম করার একটি পরিকল্পিত উদ্যোগ।
তবে দলটির আমির তাঁর অবস্থানকে স্পষ্ট করে দিয়ে বলেছেন, “আমরা অতীতে যেমন আদর্শের প্রশ্নে আপসহীন ছিলাম, এখনও তা-ই আছি। কিন্তু ভুল করলে স্বীকার করে নেওয়াটাও একটা আদর্শিক শক্তির অংশ। আমি সেই জায়গা থেকেই কথা বলছি।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ড. শফিকুর রহমানের এই বক্তব্য ঘিরে তীব্র আলোচনা চলছে। কেউ এটিকে ইতিবাচক ‘আত্মসমালোচনার সাহস’ হিসেবে দেখছেন, কেউ আবার এটিকে ‘রাজনৈতিক কৌশল’ হিসেবে ব্যাখ্যা করছেন।