পরিকল্পিত খুন,কচুরিপানা ঢাকা ডোবা আর ডিএনএ’র গোপন রহস্য: অবশেষে সিআইডির জালে মো. সেলিম মাদবর

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৬-২৪ ২৩:৪৩:১৯
image

পূর্ব বিরোধ,পরিকল্পিত খুন, লাশ গুম আর ডিএনএ প্রযুক্তির সফল প্রয়োগ-সব মিলিয়ে এক নাটকীয় অনুসন্ধানী অভিযানে বেরিয়ে এসেছে একটি জটিল হত্যাকাণ্ডের মূলহোতার নাম। ২৪ ফেব্রুয়ারি ২০২৪ সালে ঝালকাঠির নলছিটিতে টোল আদায়কে কেন্দ্র করে নির্মমভাবে খুন হন ইমরান হাওলাদার (৩২)। তার স্ত্রী ফাহিমা বেগমও গুরুতর আহত হন ওই হামলায়। কিন্তু ঘটনার প্রায় চার মাস পর, দীর্ঘ তদন্তে অবশেষে সিআইডির জালে ধরা পড়েছে এই নৃশংস হত্যাকাণ্ডের অন্যতম পলাতক আসামি মো. সেলিম মাদবর রফিক (৪৯)।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ইমরান হাওলাদার ও তার স্ত্রীকে নান্দিকাঠি গ্রামের একটি ডায়াগনস্টিক সেন্টারের কাছাকাছি স্থানে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। হামলায় ইমরান ঘটনাস্থলেই মারা যান এবং তার লাশ কচুরিপানায় ভর্তি একটি ডোবায় ফেলে দেয় হামলাকারীরা। হত্যাকাণ্ডটি যে পূর্বপরিকল্পিত এবং সংঘবদ্ধ চক্রের কাজ, তা শুরু থেকেই ধারণা করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার পরপরই সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করে। পরে এসব আলামত পরীক্ষা করতে পাঠানো হয় ঢাকায় সিআইডির ডিএনএ ল্যাবে। বিজ্ঞানভিত্তিক এই পরীক্ষায় এক অজ্ঞাত ডিএনএ প্রোফাইল শনাক্ত হয়, যা পরবর্তীতে পরিচয় মেলে সেলিম মাদবর রফিক নামের এক ব্যক্তির সঙ্গে।
ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়ার পর সিআইডির লাইফ ইনফরমেশন ক্যাপচার (এলআইসি) শাখা সেলিমের গতিবিধি ও অবস্থান ট্র্যাক করতে থাকে। অবশেষে ২৩ জুন ২০২৫ সালে রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সেলিমকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র বলছে, গ্রেফতার হওয়া সেলিম মাদবর রফিক শুধু এই হত্যাকাণ্ডেই জড়িত নয়, তার নামে আরও একাধিক মামলা রয়েছে। মুন্সীগঞ্জ সদর থানায় দুটি ডাকাতি মামলা ও ঢাকার বাড্ডা থানায় ৩৯৫/৩৯৭ ধারায় আরেকটি মামলায় তার বিরুদ্ধে ইতোমধ্যেই চার্জশিট গৃহীত হয়েছে। এ থেকে স্পষ্ট, সেলিম একজন পুরনো অপরাধী যার অবস্থান বহু আগেই ছিল আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে।
এই মামলায় নাম উল্লেখ করে যে দুইজনকে অভিযুক্ত করা হয়েছিল, তাদের একজন আল আমিন হাওলাদার আদালতে আত্মসমর্পণ করেন। তদন্তে তার ডিএনএ নমুনা সংগ্রহ করে যখন ঘটনার আলামতের সঙ্গে মিলিয়ে দেখা হয়, তখন সেটিও ম্যাচ করে। ফলে এজাহারভুক্ত আসামিদের দুজনের বিরুদ্ধেই এখন ডিএনএ ভিত্তিক প্রমাণ হাতে রয়েছে সিআইডির।
সিআইডি জানায়, তাদের এলআইসি শাখা ও ডিএনএ বিশেষজ্ঞ টিমের সমন্বয়ে প্রযুক্তিভিত্তিক এই অনুসন্ধান কার্যক্রম সফলভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। নিখুঁত পর্যবেক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ের গোয়েন্দা তৎপরতায় একে একে বেরিয়ে এসেছে ঘটনার পেছনের মুখোশধারীরা।
সিআইডির মিডিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এক বিজ্ঞপ্তিতে জানান, “আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে অপরাধীকে সনাক্ত ও আইনের আওতায় আনতে পারি-এটাই এর বড় প্রমাণ। ভবিষ্যতেও এ ধারা বজায় থাকবে।”
একজন নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় যে অজ্ঞাত খুনিরা আত্মগোপনে থেকে পার পেয়ে যাবে, এমন আশা তারা করেছিল হয়তো। কিন্তু প্রযুক্তির ছায়া এখন আর গা ঢাকা দেওয়ার সুযোগ রাখে না। সেলিম মাদবর রফিকের গ্রেফতার শুধু একটি মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে না, বরং প্রমাণ করেছে-বিচার এড়িয়ে যাওয়া আর আগের মতো সহজ নয়।