ফা র জা না আঁ খি

  • আমার অতীত অহংকার
  • ২০২৫-০৬-২৪ ২১:০৮:১৬
image

আমি তোমায় পরিয়ে দেব জীবন এবং জীবনহীনতার সুতো দিয়ে বোনা আমার অতীত অহংকার।
উঠোনের কোনে জারুলের গাছ, তুমি সুখে থাকো।
যে নারী আমার মেধার ধারে কাছেও আসতে পারবে না সে-ও আমাকে নিয়ে সমালোচনা করে সুখে থাকুক, যে পুরুষ আমার মানসিক উচ্চতা ধারণ করার ক্ষমতা রাখে না সে-ও প্রেম নিবেদন করে সুখে থাকুক।
আমার কি-বা এসে যায়, স্তব্ধপ্রায় স্বপ্ন - দুঃস্বপ্নের কালে, দীর্ঘ রজনীর ঘনঘোর অন্ধকার, অবিরল বৃষ্টির শব্দ টিনের চালায়। কোন এক ভবনের রাজকন্যার ফেলে আসা রাজকীয় দিন রাত।
কিছুতেই কিছু এসে যায় না কারো আসলে, কেবল মাত্র, যে অনুভব করতে পারে, তাঁর যায় আসে, কেবল তাকেই ছুঁয়ে দেয় সময়ের হিসাব হারিয়ে ফেলতে পারার মতো অলৌকিক অনুভূতি।
কখনও কখনও কোন এক অতিক্রান্ত সময়ের মানদণ্ড ছুঁয়ে ;স্পর্শমাত্র মনখারাপের ঝাপি খুলে যায়, মনে কতো কথা আসে!
এই যে আমি বেশিরভাগ সময় কাজের মধ্যে থাকি এর বাইরে, একা থাকি তার ও একটা নিজস্ব কারণ আছে,
আমার যাপিত জীবনের পুরোনো পথটা আমার চেনা, আমার নিজস্ব অভিজ্ঞতায় পরিপূর্ণ, আত্নীয়, বন্ধুবান্ধব ভালোবাসার মানুষ সবার সাথে যাপনকরা ফেলে আসা দিনগুলো আমার নিজের, আপন। এই চেনা এবং আপন সময়টুকুতেই আমি নিশ্চিন্তে বাঁচি। চিনেছি নিজের মতো করে সবাইকে।
আমার প্রেম হয় না, আমার জীবন সঙ্গী হয় না, কাছের বন্ধু হয় না এখন আর,
কারণ,
আমি অনেক কিছু বুঝতে শিখেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে বয়সের সাথে সাথে,
প্রেমিকের সাথে বন্ধু বান্ধবীর সাথে শাড়ি, গয়না,মেকাপের রান্নার আলাপ, পরচর্চা হয়, নিয়ম করে ভালোবাসি আর ভালোবাসার চোখ গেলো চোখ গেলো অভিনয় বা মনো-দৈহিক বুঝে না বুঝে সময় কাটনো অনেকের হয়তো হয় আমার হয় না।
ফটোসেশান হয় গেটটুগেদার হয়। সত্যিকারের সম্পর্ক হয় না। তাই আমাকে এসব সম্পর্ক আর টানে না।
ভালো সিনেমা নিয়ে, অর্থনীতি, রাজনীতি, মার্ক্সবাদ, নারীবাদ, শিক্ষা, শিল্প, সাহিত্য, বানিজ্য, ঈশ্বরবাদ, মহাকাশ, সৌরজগত, আস্তিক্যবাদ, নাস্তিক্যবাদ, প্রকৃতি, স্বাস্থ্য সচেতনতা,পোশাক সেন্স, জলবায়ুর পরিবর্তন, খেলা, ভ্রমণ ইত্যাদি বিষয় নিয়ে মন খুলে কথা বলা না গেলে, কি করে একসাথে পথ চলতে পারি আমি ?
এখন বেশিরভাগ মানুষ একই সাথে চতুর এবং অগভীর।
তিতা কথা হলেও সত্যি দেশে সুশিক্ষিত, সেন্সেবল এবং রেসপন্সিবল মানুষের হার অত্যন্ত কম।পরিমিতিবোধ, অধিকারের সীমারেখা জানেনা অনেক উচ্চ শিক্ষিত বা উচ্চ পদে কর্মরত মানুষ, অন্যের ব্যক্তিস্বাধীনতার সম্মান রাখতে পারে কয়জন? বিপদজনক কথা হলো অনেক কিছু ছাড় দিয়ে দেখবেন বেশিরভাগ মানুষ ই সম্পর্কের কাছে ইনসিকিউরড।
মনের কথা বলার আর শুনবার সঠিক মানুষ পাওয়া কঠিন। আমি আমার অতীত নিয়ে একা থাকি, অতীতের সঙ্গী হয় না। একাই অতীতে যেতে হয়। নিঃসঙ্গ না হলে অনেক সাহসী না হলে পেছনে হাঁটা যায় না। চাওয়া, আকাঙ্ক্ষা আমাদের সামনের দিকে ছুটিয়ে নিয়ে যায়। পেছন দিকে যেতে হলে নির্মোহ, নির্লিপ্ততা প্রয়োজন। নির্লিপ্ত- নির্মোহ মানুষের প্রেম হয় না, বন্ধু কম হয় জীবনসঙ্গী হয় না হয়তো।কিন্তু সমাজ সংসারের খুব কি ক্ষতি হয়ে যায় তাতে?
কেবল কাজের ছুটির পর মাঝেমধ্যে একলা আমার ভালো লাগেনা।