তুমি যখন আর খোঁজ নাও না,
আমি তখন তোমার প্রোফাইল ছবির পাশে
একটু বেশি সময় থেমে থাকি--
আর মনে মনে জিজ্ঞেস করি,
তুমি কি ভালো থাকো?
তোমার সেই অকারণ মেসেজগুলো
যেগুলোতে লেখা থাকত, "ঘুমালে?"
সেগুলো আমি তখন হেসে উড়িয়ে দিতাম,
আর এখন?
ঘুম আসে না বলেই
নিজেকেই মেসেজ লিখি মাঝে মাঝে--
"আজ কি তোমারও ঘুম আসেনি?"
আমার মনে পড়ে
তুমি বলেছিলে,
"ভালোবাসা কখনো অভিনয় নয়",
আর আমি ভেবেছিলাম--
ভালোবাসা বলে কিছু নেই,
এ শুধু অভ্যাস।
ভুল ভেবেছিলাম।
তুমি চলে গিয়ে সেটাই সবচেয়ে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছো।
আমার পাশে যে এখন থাকে,
সে ঠিকঠাক--
প্রশ্ন করে না অতীত নিয়ে,
ভালোবাসে হিসেব মতো।
তবু তোমার মতো
সে কোনোদিন বলেনি--
"চুল এলোমেলো কেন এত?"
আজকাল হঠাৎ সন্ধেবেলায়
কাচের জানালায় হাত ছুঁয়ে দেখি--
বাইরে বৃষ্টি, ভেতরে তুমি।
আমি জানি--
ফিরে যাওয়া যায় না,
তবু যদি কোনোদিন
অকারণে আবার দেখা হয়--
তুমি চাইলে একবার জিজ্ঞেস করতে পারো,
"মন খারাপ এখনো হয়?"