সাবেক সিইসি নূরুল হুদাকে উত্তরা থেকে হেনস্তা করে তুলে নিলো পুলিশ, বিএনপির মামলায় গ্রেপ্তার দেখানো

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৬-২৩ ০১:১২:৪৩
image

বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে রবিবার সন্ধ্যায় ঢাকার উত্তরার নিজ বাসা থেকে জনরোষের মুখে হেনস্তা করে তুলে নিয়ে যায় পুলিশ। তাকে জুতার মালা পরিয়ে, গায়ে ডিম ছুঁড়ে এবং কটূক্তি করে একদল ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়। এরপর উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নেয় এবং পরে ডিবি পুলিশের হেফাজতে হস্তান্তর করে।
এ ঘটনা বাংলাদেশে একটি সাবেক সাংবিধানিক পদধারীর সঙ্গে আচরণের নজিরবিহীন উদাহরণ হয়ে উঠেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, সাবেক সিইসি নুরুল হুদাকে ২২ জুন শেরেবাংলা নগর থানায় বিএনপি কর্তৃক দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে এবং সোমবার সকালে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রবিবার সকালে শেরেবাংলা নগর থানায় ওই মামলার অভিযোগ জমা দেয়। এতে তিন সাবেক সিইসি ও নির্বাচন কমিশনের সাবেক ২৪ কর্মকর্তার নাম উল্লেখ করা হয়।
পুলিশ জানিয়েছে, মামলার পর সন্ধ্যায় স্থানীয় জনগণ উত্তরা ৫ নম্বর সেক্টরের বাসায় গিয়ে সাবেক সিইসিকে হেনস্তা করে। ভিডিও ফুটেজে দেখা যায়, তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়, গায়ে ডিম ছুঁড়ে মারা হয় এবং তাকে গালাগালি করা হয়।
এ নিয়ে সাধারণ নাগরিক মহলে প্রশ্ন উঠেছে-এটি কি নিছক জনরোষ, নাকি পূর্বপরিকল্পিত অপমান? অনেকেই বলছেন, রাজনৈতিক ক্ষোভ থাকলেও এমন হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, বিশেষত একজন সাবেক সাংবিধানিক পদধারীর ক্ষেত্রে।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে কে এম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বেশ কিছু বিতর্কিত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০১৮ সালের নির্বাচনের আগের রাতে ব্যালট ছাপানো ও সিল মারার অভিযোগ ছিল ব্যাপকভাবে আলোচিত। সে সময় বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট এই নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ আখ্যা দেয়। ভোটের ফলাফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ২৮৮টি আসন পায়, বিপরীতে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র ৭টি।
এজন্যই অনেকেই কে এম নুরুল হুদাকে ‘রাতের ভোটের সিইসি’ হিসেবে উল্লেখ করেন।
বিএনপির করা মামলায় শুধু কে এম নুরুল হুদা নন, আরও দুই সাবেক সিইসি-কাজী রকিবউদ্দিন আহমেদ ও কাজী হাবিবুল আউয়ালের নামও রয়েছে। এছাড়া বিভিন্ন সময়কার নির্বাচন কমিশনার ও নির্বাচনসচিবসহ মোট ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কয়েকজন সাবেক আইজিপি ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নামও রয়েছে।
এই ঘটনার পর সামাজিক মাধ্যমে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, দেশের নির্বাচন ব্যবস্থার সংকট এবং গণতন্ত্রের স্থিতিশীলতা নিয়ে। একজন সাবেক সিইসিকে গণহেনস্তা এবং মামলা-গ্রেপ্তারের ঘটনাকে অনেকেই “আইন ও রাজনীতির সংঘাতে গণতন্ত্রের করুণ পরিণতি” হিসেবে দেখছেন।
সাবেক নির্বাচন কমিশনার শাহ আলম নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী মোকাবিলা হোক। কিন্তু তাকে জুতার মালা পরিয়ে, অপমান করে গ্রেপ্তার-এটা রাষ্ট্রীয় শিষ্টাচার ও মানবাধিকারের পরিপন্থী।”
বর্তমান সরকার ও নির্বাচন কমিশন এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে বিশ্লেষকরা বলছেন, যদি রাজনৈতিক প্রতিশোধের জেরে এ ধরনের আচরণ উৎসাহিত হয়, তাহলে ভবিষ্যতের জন্য এটি ভয়ংকর দৃষ্টান্ত হয়ে থাকবে।
একজন নাগরিক হিসেবে কেউ অপরাধ করলে তার বিচার হতেই পারে, তবে তা হওয়া উচিত সংবিধান, মানবাধিকার ও শিষ্টাচার মেনে-এই দাবি এখন উঠছে বিভিন্ন মহল থেকে।
কে এম নুরুল হুদা নির্বাচন ব্যবস্থাকে কতটা কলঙ্কিত করেছেন, তা বিতর্কের বিষয় হতে পারে। কিন্তু তাকে যেভাবে জনসমক্ষে হেনস্তা করা হয়েছে, তা শুধু একজন ব্যক্তির নয়-পুরো রাষ্ট্রীয় ব্যবস্থার মর্যাদাকে প্রশ্নের মুখে ফেলেছে। এখন সময়, অপরাধীদের বিচার হোক আইনের পথে, আর রাষ্ট্রীয় আচরণে ফিরুক ভদ্রতা ও ন্যায্যতা।