ভাঙ্গায় ৫ জন নিহতের ঘটনায় মোড়ল এক্সপ্রেসের চালক রবিউল গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৫-০৬-২২ ১৭:০৯:৪৯
image

ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় অবশেষে মোড়ল এক্সপ্রেসের পলাতক চালক রবিউল মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (২১ জুন) রাত ১১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার ডুবিল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রবিবার (২২ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান। তিনি জানান, রবিউলকে আজই ফরিদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
গত ৪ জুন রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে কুয়াকাটা থেকে ঢাকাগামী মোড়ল এক্সপ্রেসের একটি বাস ও মাহিন্দ্রা গাড়ির সংঘর্ষে ৫ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন ছিলেন, যারা মাদারীপুরের টেকেরহাটে যাচ্ছিলেন।
দুর্ঘটনার পরপরই বাসচালক পলাতক হন। প্রাথমিকভাবে বাসটির পরিচয় নিশ্চিত না হওয়ায় তদন্তে কিছুটা বিলম্ব হয়। তবে হাইওয়ে পুলিশের প্রযুক্তি ও সোর্স ব্যবহার করে পরিচয় শনাক্ত ও সুনির্দিষ্ট অনুসন্ধানের মাধ্যমে চালক রবিউলকে আটক করা হয়।
নিহতদের একজন মিজানুর মাতুব্বরের স্ত্রী শারমিন বেগম দুর্ঘটনার পরপরই মোড়ল পরিবহনের অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা গ্রহণের পর থেকেই পুলিশ বাসটি শনাক্ত এবং চালককে গ্রেপ্তারে অভিযান শুরু করে। অবশেষে প্রায় আড়াই সপ্তাহ পর রবিউলের অবস্থান নিশ্চিত হয় এবং ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রোকিবুজ্জামান জানান, দুর্ঘটনায় ব্যবহৃত বাসটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে যানবাহনের ব্রেক, টায়ার, লাইসেন্সসহ অন্যান্য দিক যাচাই করা হচ্ছে।
এই দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা অভিযোগ তুলেছেন, অনেক চালকই ঘুমঘোরে কিংবা অতিরিক্ত গতিতে বাস চালান, ফলে দুর্ঘটনার হার বাড়ছে। ভুক্তভোগীরা দ্রুত বিচার এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।