মধ্যপ্রাচ্য আজ যেন এক বিস্ফোরক পরীক্ষাগার। ইরানের পাল্টা আক্রমণে এখন আর শুধু ক্ষেপণাস্ত্র নয়,সর্বাধুনিক ড্রোন প্রযুক্তিও ইসরাইলের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে উঠেছে। ইরান তাদের 'অপারেশন ট্রু প্রমিজ ৩'-এর আওতায় চলমান সংঘাতে যে ধাপে ধাপে চমক দিয়ে যাচ্ছে, তার সর্বশেষ নিদর্শন-শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত চালানো ভয়াবহ ড্রোন হামলা।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা একযোগে শাহেদ-১৩৬ সিরিজের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোন এবং নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরাইলের বিভিন্ন সামরিক ও কৌশলগত অবস্থান লক্ষ্য করে। এর মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দর, ইসরাইলি সেনাবাহিনীর রসদ ঘাঁটি, এবং জেরুজালেম ও হাইফা অঞ্চলের সামরিক অবকাঠামো ছিল সরাসরি লক্ষ্যবস্তু।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিজেই স্বীকার করেছে, এই ড্রোন আক্রমণ ছিল ‘অত্যন্ত বিরল এবং ভয়াবহ’ ধরনের। সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ইরানের দুটি ড্রোন দেশের উত্তরাঞ্চলীয় বেইত শেইন শহর এবং দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকাতে সরাসরি হামলা চালায়।
বেইত শেইনে ড্রোন হামলায় একটি দোতলা বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। উদ্ধারকারীরা জানায়, বিস্ফোরণের ফলে এলাকাটিতে বড় গর্ত তৈরি হয়, জানালা-দরজা ছিটকে পড়ে। মাগেন ডেভিড আডম (এমডিএ) জানিয়েছে, এখন পর্যন্ত হতাহতের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি, তবে উদ্ধার তৎপরতা চলছে।
ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পাল্টা উত্তরে, ইসরাইলও হামলা চালিয়েছে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশ ও খোররামাবাদ শহরসহ গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর। ইসফাহানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম, যারা হামলার ভিডিও ও ছবি প্রকাশ করেছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত নয় দিনের আক্রমণে ৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫৪ জন নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৩ হাজার ৫৬ জন, যার মধ্যে একাধিক চিকিৎসাপ্রতিষ্ঠানও হামলার শিকার হয়েছে। কেরমানশাহ হাসপাতাল সম্পূর্ণ খালি করে ফেলতে হয়েছে।
ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান জানিয়েছেন, যদি ইসরাইলের আক্রমণে পারমাণবিক স্থাপনা থেকে বিকিরণ ছড়ায়, তাহলে তার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। তবে এখন পর্যন্ত ‘অপ্রচলিত অস্ত্র ব্যবহারের’ প্রমাণ পাওয়া যায়নি বলে তিনি জানান।
আইডিএফ-এর তথ্যমতে, ইরান ১৩ জুন থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত হাজারেরও বেশি ড্রোন ইসরাইলের দিকে পাঠিয়েছে। এর মধ্যে ৪৭০টির বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে, যাদের অধিকাংশ লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। তবে ইরান প্রতিদিন নতুন প্রযুক্তি ও কৌশলে আক্রমণের মাত্রা বাড়াচ্ছে, যেটা প্রতিরক্ষার জন্য দিনকে দিন কঠিন হয়ে পড়ছে বলে জানিয়েছে ইসরাইল।
একদিকে তুরস্কের রাজধানী আঙ্কারায় ওআইসি (ইসলামি সহযোগিতা সংস্থা)-র জরুরি বৈঠকে শান্তির পক্ষে সোচ্চার হয়েছেন ৫৭টি মুসলিম দেশের প্রতিনিধিরা। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে বিভিন্ন কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে।
তবে ইসরাইল বরাবরের মতোই নিজের অবস্থানে অনড়। দেশটির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে-“কোনো আলোচনায় নয়, কেবল প্রতিরোধের মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব।”
ইরান যদিও আলোচনায় অনাগ্রহী নয় বলে জানিয়েছে। তেহরান স্পষ্ট করেছে, কূটনীতি তাদের হাতিয়ার, তবে আত্মরক্ষায় তারা কোনোভাবেই পিছিয়ে যাবে না।
ইরানের ওপর নতুন করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। আটটি প্রতিষ্ঠান, একজন ব্যক্তি এবং একটি জাহাজকে নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, এই প্রতিষ্ঠানগুলো ইরানের প্রতিরক্ষা খাতে চীন থেকে সেন্সিটিভ যন্ত্রাংশ সংগ্রহে যুক্ত ছিল।
এ পদক্ষেপ নেওয়া হয়েছে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের 'ন্যাশনাল সিকিউরিটি মেমো-২' অনুসারে, যার মাধ্যমে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’ আবার শুরু করা হয়েছে।
ওআইসি সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেন, “ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথে সবচেয়ে বড় বাধা।” তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান।
মধ্যপ্রাচ্য এখন আর সীমান্তে নয়, বরং বায়ু ও সাইবার মহাকাশে এক রুদ্ধশ্বাস সংঘাতের চিত্র হয়ে উঠেছে। ইরান-ইসরাইল যুদ্ধ এখন আর সীমিত নয়; এটা প্রযুক্তি, কূটনীতি, অর্থনৈতিক চাপ ও জনমত–এই চার ফ্রন্টে সমানতালে লড়াইয়ের এক সর্বাত্মক যুদ্ধ।