ভারতে ঢুকে পড়া বিজিবি সদস্যকে পতাকা বৈঠকে ফেরৎ দিয়েছে বিএসএফ

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৫-০৬-২২ ০২:০২:১৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জহূরপুরটেক সীমান্তে বাংলাদেশে মহিষ চোরাচালানকালে ২টি মহিষ আটকের পর আরও ২টি মহিষসহ চোরাকারবারীদের তাড়া করতে গিয়ে দিকভ্রান্ত হয়ে ভারতে ঢুকে পড়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরৎ দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গত শনিবার(২১ জুন) ভোর ৫টার দিকে ভারতে ঢুকে পড়ার পর রাত পৌনে ১০টায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরৎ আনে বিজিবি। বিজিবি’র ওই সদস্য হলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) জহূরপুরটেক সীমান্ত ফাঁড়িতে(বিওপি) কর্মরত ল্যান্স নায়েক মতিউর রহমান। স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, শনিবার দিনের আলো ভাল হয়ে ফোটার আগেই মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯/৭ এস নিকট দিয়ে নিজ টহলদলের সাথে চোরাকারবারী তাড়া করতে গিয়ে দলছুট হয়ে ভুলক্রমে কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তের ওপারে ভারতে ঢুকে পড়েন ল্যান্স নায়েক মতিউর। ই্উনিফর্ম পরিহিত সশস্ত্র অবস্থায় ওপারে কাশবন এবং ঝোপজঙ্গলে হারিয়ে যান তিনি। সকাল ৭টার দিকে তাঁর সাথে মোবাইল ফোনে বিজিবি’র শেষ যোগাযোগ হয়। সীমান্ত বিধি মোতাবেক বিজিবি কর্মকর্তারা তাঁকে নির্দেশনা দেন নিকটস্থ বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করতে। এরপরই মতিউরের ফোনের চার্জ শেষ হয়ে যায়। এদিকে নির্দেশনা মোতাবেক মতিউর কাদাপানির মধ্যে সীমান্তের প্রায় দেড় কিলোমিটার দূরের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের পিরোজপুর ক্যাম্পের সাথে যোগাযোগ করেন। বিএসএফ তাঁকে হেফাজতে নেয়। এর মধ্যেই বিজিবি কর্মকর্তারা বিএসএফ কর্মকর্তাদের সাথে যোগােেযাগ শুরু করেন। দিনব্যাপী যোগাযোগের পর রাত পৌনে ১০টায় সীমান্ত পিলার ১৯/১ এস এর নিকট বিএসএফ’র সাথে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে অক্ষত অবস্থায় ফেরৎ আনে বিজিবি। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, পতাকা বৈঠকে বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন ৭১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ড্যান্ট অশোক কুমার জুবে। তিনি বলেন, ঘটনার পর বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ সীমান্ত পরিদর্শন করেন। অধিনায়ক আরও বলেন, নিছক দূর্ঘটনাক্রমে এ ঘটনার পর বিএসএফ ওই বিজিবি সদস্যকে আরও আগেই দিনের আলোয় ফেরৎ দিতে পারত। কিন্তু তারা তা করে নি। তারা রাতের অন্ধকারে ফেরৎ দিয়েছে। সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, গত ৪জুন সকাল ৭টায় ওই একই সীমান্ত দিয়ে মদ্যপ ও সশস্ত্র অবস্থায় গালি দিতে দিতে এক বিএসএফ সদস্য বাংলাদেশের ৩শ গজ ভেতরে লোকালয়ে ঢুকে পড়লে সাথে সাথে বিজিবি তাঁকে উদ্ধার করে সকাল সাড়ে ১১টায় ফেরৎ দেয়। কিন্তু বিজিবি সদস্য ফেরৎ দিতে বিএসএফ অনেক দেরী করেছে।