যারা কেড়ে খায় গরীবের হক, তাদের বিনাশ চাই
তারা চুরি করে ধানের গন্ধ, গিলে ফেলে মেহনতের ঘাম।
ভোরবেলা যে মা পান্তা ভাতে কাঁচা লঙ্কা খাইয়ে ছেলেকে স্কুলে পাঠায়,
সেই মায়ের মুখ থেকে নুনের স্বাদও ছিনিয়ে নেয় মুখোশধারীরা, আমি তাদের মানুষ বলি না।
তারা হায়েনা, তারা পরজীবী ভাইরাস,তারা অহংকারের বিষে পুড়ে যাওয়া দানব।
তারা নিত্যদিন দুঃখের শরীরে শুধু পেরেক ঠোকে।
এই শহরে আলো আছে, কিন্তু আলো বিক্রি হয়
এই শহরে সত্য আছে, কিন্তু সত্য বিক্রি হয়।
গরীবের ঘামভেজা শ্রম দিয়ে গড়ে ওঠে যে রাজপ্রাসাদ, সেই প্রাসাদেই বিক্রি হয় তাদের রক্ত।
আমি কলম হাতে দাঁড়াই--
বুলেট নয়, বোমা নয়, এই শব্দই হোক প্রতিবাদের গর্জন
এই কবিতা হোক আগুনঝরা হুঁশিয়ারি, হোক যুদ্ধের প্রথম প্রচারপত্র।
জেগে উঠুক মাটি, ভেঙে পড়ুক অন্যায় প্রাসাদ
যারা কেড়ে খায় গরীবের হক
তাদের আর থাকার অধিকার নেই এই বেদনাসিক্ত মানবভূমিতে।