অ রু ণি মা চ্যা টা র্জী

  • প্রেম ও প্রজন্ম
  • ২০২৫-০৬-১৯ ২০:০২:৩৯
image

আমার মধ্য রাতের শুকতারা, মন আকাশে ঘিরে 
তুই অন্য কারো ধ্রুবতারা, অন্য কোন ঘরে। 
ইনবক্সে না দেখা কথা, হঠাৎ ভাষা পেলে,
বেসামাল সব টাটকা ব্যথা, রক্ত হোলি খেলে। 

(আমার) পাখির বাসা চুলগুলো সব, আস্কারাতে ওড়ে 
তোর পরিপাটি সাজানো ঘর, রংমশালে পোড়ে।
রিয়েল লাইফ দেখা করার, কথা ছিল যখন 
আত্মবিশ্বাস চির খেল, পিছিয়ে এলাম তখন !
রিংটোনটা নাছোড়বান্দা, ছাড়ে না তবু পিছু 
অজুহাতের মিথ্যে সন্ধ্যা, বলার নেই কিছু। 

হঠাৎ যদি স্ক্রিনে ফোটে, হাসি মুখটা তোর 
হার্ট ইমোজি গোলাপ ঠোঁটে, স্বপ্নে আসে ঘোর।
ডিলিট করা মেসেজগুলো, চিঠি লিখে সাজাই, 
স্মৃতি যদি ধুলোই হলো, মিথ্যে প্রেমের বড়াই।
 
প্রথম ব্রেকআপ সামলে নেব, প্রাক্তনী হয়ে থাকিস 
ইনবক্সের মেসেজগুলো, ডিলিট করে রাখিস।
রিংটোনটা বাজে এখন, হঠাৎ স্মৃতির টানে, 
হার্ট ইমোজি যখন তখন, বদল ঘটায় গানে। 

রাত তিনটে ভিডিও কল, স্বপ্ন ভাঙার আয়না 
কফিমাগ শপিং মল, সেলফি তোলার বায়না। 
ডিজিটাল প্রেম নো কমিটমেন্ট, হাওয়ায় শুধু ভাসে,
মেসেজগুলো আজও আনসেন্ট, স্বপ্ন তবু আসে। 
তবু কোথাও মেঘের ডাকে, বৃষ্টি আসে ঝেঁপে,
অনলাইনের কঠিন বাঁকে, বদ্ধ হৃদয় কাঁপে।