ইসরায়েল ছাড়ার পরামর্শ চীনের,ইরান থেকেও নাগরিক সরাচ্ছে ভারত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৬-১৭ ১৫:০২:৫৮
image

ঢাকা- ১৭ জুন ২০২৫
ইরান ও ইসরায়েলের মধ্যকার টানটান উত্তেজনা ও পাল্টাপাল্টি সামরিক হামলার প্রেক্ষাপটে বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে চীন ও ভারত তাদের নাগরিকদের ইসরায়েল ও ইরান থেকে সরে যেতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
ইসরায়েলস্থ চীনা দূতাবাস এক বিবৃতিতে জানায়, দেশের নাগরিকদের ‘যত দ্রুত সম্ভব’ দেশটি ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৭ জুন) চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে প্রকাশিত দূতাবাসের বিবৃতিতে বলা হয়, “ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে ইসরায়েলে অবস্থানরত চীনা নাগরিকদের স্থলসীমান্ত পথে, বিশেষ করে জর্ডান অভিমুখে, দেশ ত্যাগের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।”
এই সতর্কবার্তাটি এসেছে এমন এক সময়, যখন ইসরায়েলের অভ্যন্তরে ও আশপাশে নিরাপত্তাজনিত উদ্বেগ বাড়ছে, এবং অঞ্চলটি যুদ্ধ-সংঘর্ষের সম্ভাব্য মঞ্চে রূপ নিচ্ছে।
এদিকে ইরান থেকে নাগরিক সরিয়ে নিতে তৎপর হয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার সকালে জানিয়েছে,
“ইরানের তেহরানে অবস্থানরত ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তার খাতিরে দূতাবাসের উদ্যোগে সরিয়ে নেওয়া হয়েছে।”
আরও জানানো হয়, যেসব ভারতীয় নাগরিক নিজের উদ্যোগে নিরাপদে সরে যেতে পারবেন, তাদেরকেও শহর ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের উর্মিয়া শহর থেকে অন্তত ১১০ জন ভারতীয় ছাত্রছাত্রীকে আর্মেনিয়ার সীমান্তে পৌঁছে দেওয়া হয়েছে সোমবার সন্ধ্যায়। ইরানের আকাশপথ বন্ধ থাকায় বিমানযোগে সরিয়ে আনা সম্ভব হয়নি, ফলে বিকল্প স্থলপথে সরানোর ব্যবস্থাই নিয়েছে ভারতীয় দূতাবাস।
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তুঙ্গে। দুই দেশের মধ্যে ছায়াযুদ্ধ অনেক পুরনো হলেও, গত কয়েক সপ্তাহে তা খোলামেলা আকারে প্রকাশ পাচ্ছে। এরই প্রভাব পড়তে শুরু করেছে আঞ্চলিক স্থিতিশীলতা ও কূটনৈতিক ভারসাম্যে।
বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতির অবনতি হলে কেবল ইসরায়েল-ইরান নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়তে পারে সহিংসতার ঢেউ। সে কারণেই বহু দেশ আগে থেকেই তাদের নাগরিকদের সরিয়ে নিতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।