আমার মনে যে গল্প উঠেছে জমে
সেই গল্পের রূপকার হলি তুই ।
প্রতিদিন রাতে নটে গাছ গেলে মুড়িয়ে
শূন্য হৃদয়ে পাশ ফিরে আমি শুই ।
আমার সকাল রাত জাগা চোখে তাকিয়ে
দেখে তোর চোখে রাতের নিখাদ ঘুম ।
জানলার ধারে জমে ওঠা রাত দুঃখ
লিখে যায় যত অভিমান নির্ঘুম ।
এই লেখা জানি পড়বি না তুই কোনোদিন
তবু প্রতিদিন নতুন গল্প লিখি ।
জানলি না প্রেম কাকে বলে তুই এখনো
তবু তোরই কাছে প্রতিদিন প্রেম শিখি ।