ইরানে মোসাদের ‘গুপ্তচর’কে মৃত্যুদণ্ড, বিস্ফোরকসহ ধরা আরও চার: ইসরাইল-ইরান উত্তেজনায় নতুন মাত্রা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৬-১৬ ১৪:৩০:৪৩
image

ঢাকা-১৬ জুন ২০২৫
ইরানে সম্প্রতি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্য দিয়ে ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার আবহে ইরান কড়া বার্তা দিয়েছে-দেশের অভ্যন্তরে বিদেশি গোয়েন্দা সংস্থার নাশকতা কোনোভাবেই সহ্য করা হবে না।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ও সংবাদপত্র তেহরান টাইমস সোমবার (১৬ জুন) জানায়, সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়া শেষে ও সর্বোচ্চ আদালতের রায় বহাল থাকায় ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নিরাপত্তার কারণে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে ইরানি কর্মকর্তারা বলেছেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
এদিকে, একই দিনে মোসাদ সংশ্লিষ্ট আরও চারজনকে গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। পুলিশ কমান্ডের মুখপাত্র সাঈদ মনতাজের আল-মাহদী জানান, রাজধানী তেহরানের উপকণ্ঠে অবস্থিত রে কাউন্টির ফাশাফুয়েহ জেলায় দুজন এজেন্ট ধরা পড়ে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়:
২০০ কেজিরও বেশি বিস্ফোরকদ্রব্য
২৩টি ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ
মিসাইল লঞ্চার ও অন্যান্য সামরিক সামগ্রী
একটি নিসান পিকআপ ট্রাক

এর পাশাপাশি আলবোর্জ প্রদেশের সাভোজবোলাঘ কাউন্টি থেকেও আরও দুজন সন্দেহভাজন ধরা পড়েছে। গোয়েন্দা সূত্র মতে, এই পুরো চক্রটি "ছোট ড্রোনে বিস্ফোরক বসিয়ে ইরানে অন্তর্ঘাতমূলক হামলা" চালানোর পরিকল্পনা করছিল।
ইরান দাবি করছে, এই গ্রেফতারগুলো মোসাদ পরিচালিত একটি বড় নাশকতামূলক নেটওয়ার্কের অংশ। তারা বলছে, এই নেটওয়ার্ক ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর উপর ড্রোন ও বিস্ফোরক হামলার পরিকল্পনায় লিপ্ত ছিল। তবে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপের কারণে অবস্থার আরও অবনতি রোধ সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, ১৩ জুন ইসরাইল তেহরান, ইস্পাহান, কেরমানসহ কয়েকটি অভ্যন্তরীণ স্থানে বিমান হামলা চালায়। এসব হামলা আবাসিক ভবন পর্যন্ত পৌঁছায়, যা ইরানকে ক্ষুব্ধ করে তোলে। তেহরান এই হামলাকে ‘উসকানিমূলক আগ্রাসন’ হিসেবে চিহ্নিত করে।
জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন ব্যবহার করে তেলআবিব, হাইফা, জেরুজালেমসহ ইসরাইলের অভ্যন্তরে পাল্টা হামলা চালায়। এতে ইসরাইলের সাধারণ জীবনযাত্রা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়। বহু শহরে দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্র খোলা রাখতে হয়।
ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো বলছে, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রম নজরে রেখেই প্রতিক্রিয়া জানানো হচ্ছে। তারা সাফ জানিয়ে দিয়েছে-"দেশের অভ্যন্তরে সক্রিয় সব ‘মোসাদ-নেটওয়ার্ক’ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”
ইরানি গোয়েন্দাদের মতে, ইসরাইল এখন সরাসরি হামলার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস ও অন্তর্ঘাতের কৌশল গ্রহণ করেছে। এক্ষেত্রে ড্রোন, বিস্ফোরক, তথ্য চুরি ও সাইবার হ্যাকিং অন্যতম প্রধান অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ইরানের পক্ষ থেকে এমন সরাসরি অভিযোগ ও মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের দ্রুত বিচার ও পরিচয় গোপন রেখে শাস্তি কার্যকর করাকে প্রশ্নবিদ্ধ বললেও, ইরান বলছে, "জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়।"
মোসাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যুদণ্ড কার্যকর এবং চারজনের গ্রেফতার ইরান-ইসরাইল সংঘাতের নতুন মাত্রা নির্দেশ করে। এই উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে জ্বালানিবাজার, সামরিক কৌশল এবং আঞ্চলিক স্থিতিশীলতা আরও অনিশ্চিত হয়ে পড়ছে।