শ্রী মা ধ ব

  • ললাটে নীল টিপ হাসে
  • ২০২৫-০৬-১৫ ০২:৩৩:০২
image

সেদিন পুরো পাড়ায় রটে গেলো খবরটা
তোমার হাতে ডাক্তারের দেয়া সিলকৃত কাগজ 
একটা শরীর ঘুমিয়ে আছে মুখ ঢেকে 
আথচ কেউ ডেকে তুলছে না।
কেউ অবশ্য  বারন করছে 
আর না জাগানোর জন্য 
সত্যিই তো অঘোর ঘুমে সে 
জন্মের মতো আশ্চর্যের ঘুম ঘুমিয়ে আছে
জাগিয়ে তুলার বৃথা চেষ্টাই বা কেন?
তোমার চোখ ক্ষণিকের জন্য ডুবে যাচ্ছে জলে
তুমি ভেসে যাচ্ছ স্রোতে 
পেছন থেকে কিছু হাত ছুটে গিয়ে
ভেলা আটকালো তীরে 
কিছু জ্বলন্ত কাঠের ফাঁক দিয়ে উড়ে এলো উষ্ণতা 
তোমার বৃষ্টিগুলো বাস্প হয়ে উড়ে যায় মেঘের সাথে 
এই আকাশ থেকে অন্য আকাশে 
এক এক করে গ্রীষ্ম গেলো, বর্ষাও গেলো চলে 
হেমন্তের শান্ত আকাশে শ্বেত শুভ্র মেঘ ভাসে 
অপরাজিতা গাছে প্রচুর ফুল ফুটে 
একটা নীল টিপ তোমার ললাটে হাসে।