জা মি রু ল শ রী ফ

  • পথে যেতে যেতে...
  • ২০২৫-০৬-১৪ ২১:১২:১৪
image

ভাবছি—সামান্যের মধ্যে অসামান্যকে, খণ্ড মুহূর্তের আয়নায় জীবনের গূঢ় কোনও সত্যকে দেখা! একজন কবি বা তার রচনাকে (আধুনিকের) প্রশংসার লেবেল মেরে স্বতন্ত্র পরিচয়ে চিহ্নিত করা যাবে কী উপায়ে? 
জীবন তো প্রবহমান—স্থায়ী গৌরব জীবনের, ব্যক্তির নয়। ব্যক্তি হচ্ছেন সে গৌরবের নির্মাতা ও প্রাণশক্তি। কাল হচ্ছে সময়ের বীজ, গর্ভ ধাত্রীস্বরূপ। প্রাণের প্রজননে দায়িত্বমুক্ত নয় সে; তাই জীব বা প্রাণের পরাধীনতা তর্কাতীতভাবে সত্য। এই প্রাণপ্রবাহ অলৌকিক সৃষ্টিপনারই পৃষ্ঠপোষক। সুতরাং প্রাণের প্ররোহে মানুষ সব সময়েই সীমাবদ্ধ, তার ভেতর যতই বৈচিত্র্যসৃজন থাকুক না কেন, স্থান-কালের দাসত্ব তাকে করতেই হয়। কবি বা সাহিত্যিকের বেলায় একই কথা খাটে। মহত্তম প্রতিভাও কালদণ্ডে দণ্ডনীয়, সীমাবদ্ধ সবাই এই নিয়মের বশবর্তী। ফলে নিজের ভিতর থেকে কবিবৈচিত্র্যের পথ্য সংগ্রহ তার সাধ্যের অতীত হলেও আনবিক নক্ষত্রপুঞ্জের মতো সাহিত্য চিরকাল স্বাধীনভাবে এই জগত ও বিশ্বমানবের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো সত্য–যার বাস্তবত কোনো অস্তিত্বই নেই, কিন্তু নৈর্ব্যক্তিকরূপে আসে।
মানুষের অস্তিত্বনিরপেক্ষ যে স্বাধীন সত্তা এবং আমাদের কল্পনার সঙ্গে বাস্তবতার যে সম্পর্ক বা অতিমানবীয় objectivity তা হয়ত অপরিহার্য নয়, কিন্তু এই বিশ্ব যেহেতু মানুষেরই পৃথিবী, সুতরাং এর সৃষ্ট-সমস্তই মানবসম্পর্ক নিরপেক্ষ নয়। কোথাও না কোথাও এর যোগ আছে, যা উপলব্ধ, সত্য ও সুন্দরের দ্বারা প্রভাবিত, প্রমাণিত, প্রকাশিত এমনকি তা সাহিত্য বা কবিকৃত সৃষ্ট। 
এই যে ঐশী প্রেরণায় নৈর্ব্যক্তিকরূপে সুন্দর বিস্ময়বোধ মানবচৈতন্য সার্বভৌম অবিনশ্বরতা দেহকে নিঃসাড় করে তোলে,
এ-ও এক অনির্বচনীয় লীলাভূমি। সত্যকে জানার দৃষ্টিভঙ্গির পার্থক্য সত্ত্বেও তারই ভিতর দিয়ে সাহিত্যের জন্ম। অনেকটা ইঙ্গিতে, উপমার দ্বারা সেইটুকু আভাসে কবিতার ভাবসাম্যে যা বড় এক সত্যকে তুলে আনা জরুরি মনে করি-মূলত সেভাবেই আমি কাব্য-সাহিত্য রচনায় প্রবৃত্ত হয়েছি। নাম কামানো, প্রচার, প্রশংসা কুড়ানো কবি-সাহিত্যিকের নিকৃষ্টতম চিত্তবৃত্তি। কবিতাকে প্রেমের মতো একনিষ্ঠ হৃদয়াবেগ দিয়ে প্রশ্রয়ে কাছে নিতে হয়।