কুষ্টিয়ায় ‘চুরির’ অভিযোগে নারীকে গাছে বেঁধে নির্যাতন,মাথার চুল কেটে নেওয়া ও লুটপাট: গ্রেপ্তার ৩

  • সকালের আলো কুষ্টিয়া প্রতিনিধি
  • ২০২৫-০৬-১১ ১৯:৫৫:০৩
image

কুষ্টিয়ার কুমারখালীতে একটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। ‘মাংস চুরির’ অভিযোগকে কেন্দ্র করে রিনা খাতুন (৪০) নামের এক নারীকে গাছে বেঁধে বর্বরভাবে মারধর, মাথার চুল কেটে নেওয়া, বাড়িতে হামলা, লুটপাট ও জনতার সালিশে গরু-ছাগল-স্বর্ণালংকার দিয়ে ছাড়িয়ে নেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে।
ঘটনাটি ঘটে সোমবার (৯ জুন) রাত ৮টার দিকে, কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামে।
ভুক্তভোগী রিনা খাতুন মঙ্গলবার থানায় মামলা করেন। বুধবার পুলিশ তিন নারীকে গ্রেপ্তার করেছে।
রিনা খাতুন জানান, বিকেলে প্রতিবেশী রিপন আলীর বাড়িতে তাকে ডাকতে গেলে রিপনের স্ত্রী মুক্তি খাতুন মাংস চুরির অভিযোগ তোলেন। এর কিছুক্ষণ পর পেয়ারাগাছে তাকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। সন্ধ্যায় স্বামী জাহাঙ্গীর উদ্ধার করলেও রাতে শতাধিক নারী-পুরুষ তার বাড়িতে আক্রমণ চালায়, বাড়ি ভাঙচুর করে এবং তাকে আবার ধরে নিয়ে যায়।
রিনা বলেন, “রাতেই আমাকে ফের গাছে বেঁধে মারধর করে মুক্তি ও পারভিন মিলে চুল কেটে দেয়। গৃহস্থালি জিনিসপত্র, দুইটি গরু, একটি ছাগল ও স্বর্ণালংকার লুটে নেয়। আমার স্বামী ভয়ে পালিয়েছে। আমি আইনের আশ্রয় নিয়েছি।”
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, পরে রাতে বসে অঘোষিত সালিশ। নেতৃত্ব দেন শিলাইদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহ আলম। সেখানে ‘ক্ষতিপূরণ’ হিসেবে রিনার গরু-ছাগল-স্বর্ণালংকার তুলে দেওয়া হয় অভিযুক্তদের হাতে। এরপর তাকে ‘মুক্তি’ দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়-দলবেঁধে অনেকে একজন নারীকে ধরে নিয়ে যাচ্ছে, কেউ মাথার ওড়না সরিয়ে দিচ্ছে, কেউ চুল কাটছে, কেউ হুমকি দিচ্ছে-আরো কেউ মোবাইলে এই দৃশ্য ধারণ করে আনন্দ প্রকাশ করছে।
এই ভিডিও সামাজিক ও নৈতিক অবক্ষয়ের এক বীভৎস প্রতিচ্ছবি বলে মন্তব্য করছেন মনোবিজ্ঞানীরা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, “ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন। মামলা হয়েছে। ইতোমধ্যে তিন নারী-মুক্তি খাতুন, পারভিন খাতুন ও লিপি খাতুন-কে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
অভিযুক্ত রিপন আলী বলেন, “রিনা আমাদের ঘর থেকে ৪১ হাজার টাকা ও মাংস চুরি করে। হাতেনাতে ধরা পড়ে। এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এসব করেছে। আমরা মারধরে জড়িত না।”
আরেক অভিযুক্ত কাশেম আলী বলেন, “রিনা এলাকায় অনেক চুরি করেছে। ক্ষতিপূরণ হিসেবে গরু-ছাগল নেওয়া হয়েছে।”
সালিশের নেতৃত্ব দেওয়া স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলম বলেন, “আমি শুধু রিনাকে স্বজনদের হাতে তুলে দিয়েছি। সালিশে কী হয়েছে তা আমি জানি না।”
তবে প্রশ্ন উঠেছে-একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে আইনের পরিবর্তে বিচারের দায়িত্ব জনগণের হাতে তুলে দেওয়া কি দায়িত্বশীল আচরণ?
আইনশৃঙ্খলা বিশ্লেষকদের মতে, ঘটনাটি বাংলাদেশের গ্রামীণ সমাজে বিদ্যমান ‘চোর অপবাদ দিয়ে গণনির্যাতন’ সংস্কৃতির ভয়াবহতা প্রকাশ করেছে। প্রমাণ ছাড়াই কাউকে অপবাদ দিয়ে এমন শাস্তি দেওয়া আইনত ও নৈতিকভাবে ভয়াবহ। এ ছাড়া 'সালিশে' সম্পদ লুটের বৈধতা দেওয়ার নজির মারাত্মক উদ্বেগজনক।
এই ঘটনাকে মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন বলছে স্থানীয় অধিকারকর্মীরা। তারা বলছেন, একজন নারীকে ‘চোর’ অপবাদ দিয়ে জনতার হাতে তুলে দেওয়া, তার উপর সহিংসতা চালানো, এবং সেটিকে জনসাধারণের 'আনন্দ' হিসেবে দেখা-এটি আমাদের সমাজের বিবেকের প্রশ্ন।

এখন প্রশ্ন-একজন নারীর প্রতি এ ধরনের হিংস্র আচরণের দায়ভার কে নেবে? চুরি প্রমাণ না হতেই তার শাস্তি কীভাবে ‘জনতার আইন’-এ রূপ নেয়?
এই ঘটনায় রাষ্ট্র ও সমাজ উভয়ের উচিত আত্মজিজ্ঞাসা করা: আমরা কোথায় যাচ্ছি?