গাজায় আরও ১২৩ জন নিহত,মৃতের সংখ্যা ৫৫ হাজার ছাড়াল:অব্যাহত নরকযন্ত্রণা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৬-১১ ১৯:৩৭:০৫
image

গোটা বিশ্বের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে গাজা। প্রতিদিনের মতো গত ২৪ ঘণ্টায়ও সেখানে থেমে থাকেনি রক্তপাত। ইসরাইলি বাহিনীর তাণ্ডবে সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আরও ১২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৭৪ জন।
গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অনেক মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরাইলের মধ্যকার সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলের গণহত্যামূলক হামলায় ৫৫,১০৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২৭ হাজার ৩৯৪ জনে।
তবে গাজার সরকারি মিডিয়া অফিসের হিসাবে মৃতের প্রকৃত সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়ে গেছে। কারণ, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন, যাদের অনেককে মৃত বলে ধারণা করা হচ্ছে।
চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরাইল ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে আক্রমণ শুরু করে।
এই নতুন দফার আগ্রাসনে ৪,৮২১ জন ফিলিস্তিনি নিহত এবং ১৫,৫৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ইসরাইলের এসব কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালের নভেম্বরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট-এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
একই সঙ্গে হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে। মামলায় বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণকে পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করে দিতে চায় ইসরাইল।
গাজার চিত্র এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি। ২০ মাসের বেশি সময় ধরে অবরোধে থাকা এই উপত্যকায় খাদ্য, পানি, বিদ্যুৎ ও ওষুধের মারাত্মক সংকট বিরাজ করছে।
চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে, বহু হাসপাতাল বন্ধ হয়ে গেছে, আশ্রয়হীন শিশু-কিশোরদের সংখ্যা লাখ ছাড়িয়েছে। ইউএন, রেডক্রস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ অনেক আন্তর্জাতিক সংস্থা গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সরব হলেও ইসরাইলি আগ্রাসনে কোনো ছন্দপতন ঘটছে না।
বিশ্বের বহু দেশ ও মানবাধিকার সংস্থা ইসরাইলের হামলা বন্ধ ও অবরোধ তুলে নিতে আহ্বান জানালেও, আন্তর্জাতিক কূটনীতির নিষ্ক্রিয়তা আর দ্বিমুখী নীতির মধ্যেই ইসরাইল গাজায় তার আগ্রাসন অব্যাহত রেখেছে।
গাজার এক চিকিৎসক বলেন, “আমরা প্রতিদিন শুধু লাশ গুনছি। নতুন করে কিছুই আর বলার নেই। মৃত্যু এখানকার নিত্যসঙ্গী।”
গাজার প্রতিটি মৃত্যু শুধু একটি সংখ্যা নয়-তা একেকটি জীবনের, পরিবারের, ভবিষ্যতের ধ্বংস।
বিশ্ব নিরব, গাজা এখনো জ্বলছে।