নড়াইলে কলেজছাত্রের ঘর থেকে স্নাইপার রাইফেল উদ্ধার: সেনাবাহিনীর অভিযান নিয়ে চাঞ্চল্য

  • নিজস্ব প্রতিবেদক,
  • ২০২৫-০৬-০৯ ১৮:৪৮:০০
image

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সেনাবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে একটি উচ্চক্ষমতাসম্পন্ন স্নাইপার নাইট্রো রাইফেল। অভিযুক্ত কলেজছাত্র সোহান মোল্যা এই অস্ত্রটি অবৈধভাবে নিজ দখলে রাখছিলেন বলে সেনাসূত্রে জানা গেছে।
রোববার (৮ জুন) রাত থেকে সোমবার (৯ জুন) ভোররাত পর্যন্ত পুরুলিয়া গ্রামে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার সংযুক্ত ৪.৫ ক্যালিবারের উন্নতমানের একটি স্নাইপার রাইফেল।
গোপন তথ্য ও নজরদারির ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্পের যৌথ উদ্যোগে শুরু হয় অভিযান। পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার বাড়ি ঘিরে ফেলে সেনাবাহিনী। তল্লাশির এক পর্যায়ে সোহান মোল্যার বিছানার নিচে গোপনে রাখা অস্ত্রটি উদ্ধার করা হয়।
তবে অভিযানের আগেই সোহান ও তার বাবা আবুল কালাম মোল্যা বাড়ি থেকে পালিয়ে যান। অভিযানের পর সেনাবাহিনী উদ্ধারকৃত রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ জানিয়েছে, অস্ত্র সংক্রান্ত আইনে মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত শুরু হয়েছে।
সোহান মোল্যা খুলনার একটি কলেজে অধ্যয়নরত। তার বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে রাইফেলটি ব্যবহার করে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছিলেন তিনি। এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক মাস ধরে তার আচরণে বিপজ্জনক রকমের পরিবর্তন দেখা যাচ্ছিল।
তবে তার বিরুদ্ধে এর আগেও কোনো মামলা ছিল কিনা বা অস্ত্রটি কীভাবে সংগ্রহ করেছিলেন- এ বিষয়ে এখনো কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযান সন্ত্রাস ও অবৈধ অস্ত্র চক্র মোকাবেলায় একটি সফল উদাহরণ। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”
তারা আরও বলেন, “বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো পুরো এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”
এই ঘটনার পর পুরুলিয়া গ্রামে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, একটি কলেজছাত্রের কাছে এমন অস্ত্র কীভাবে এল এবং এতদিন ধরে সে কীভাবে প্রকাশ্যে ঘোরাফেরা করছিল-তা নিয়ে তারা হতবাক।
প্রশাসন জানিয়েছে, সোহান ও তার পরিবারের গতিবিধি নজরদারিতে রয়েছে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।