কুমিল্লার তিতাসে চরম অভাব-অনটন ও মানসিক বিপর্যয়ের মধ্যে ভয়াবহ এক ট্র্যাজেডির জন্ম দিয়েছেন এক বাকপ্রতিবন্ধী বাবা। নিজের দুই বাকপ্রতিবন্ধী মেয়েকে কীটনাশক পান করিয়ে হত্যা করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সোমবার (৯ জুন) সকালে উপজেলার তুলাকান্দি গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হল-মনিরা (১০) ও ফাতিহা (৬)। বেঁচে আছেন তাদের বাবা মনু মিয়া (৪৫), তবে তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে।
ঘটনার সময় বাড়ির রান্নাঘরে সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত ছিলেন শিশুদের মা হাসিনা বেগম। কিছুক্ষণ পর ঘরে ফিরে গিয়ে দেখতে পান, স্বামী ও দুই মেয়ে অচেতন অবস্থায় পড়ে আছে। দ্রুত স্থানীয়দের সহায়তায় তিনজনকেই হাসপাতালে নেওয়া হয়। তবে পথেই প্রাণ হারায় দুটি শিশু।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বাবা মনু মিয়াসহ তার দুই কন্যা-তিনজনই বাকপ্রতিবন্ধী। বিষয়টি খুবই মর্মান্তিক।”
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মনু মিয়া দীর্ঘদিন ধরে কোনো কাজ করতে পারছিলেন না। কথা বলতে না পারায় কর্মসংস্থান ছিল না, আর দুই মেয়ে একই প্রতিবন্ধিতার শিকার। পারিবারিক দারিদ্র্য,সামাজিক একঘরে ভাবা, এবং ভবিষ্যতের অন্ধকার-সব মিলিয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
এক প্রতিবেশী জানান, “মনু ভাই কোনোদিন কারো ক্ষতি করেননি। কিন্তু নিজের মেয়েদের জন্য ভালো কিছু করতে না পারার কষ্টে হয়তো এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।”
তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান বলেন, “সকাল ৮টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু মনিরা ও ফাতিহাকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমরা লাশ পুলিশে হস্তান্তর করেছি।”
তিতাস থানার ওসি আরও জানান, “দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মনু মিয়া সুস্থ হলে তার বক্তব্য নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনা কেবল একটি পরিবারের নয়, বরং সমাজ ও রাষ্ট্রব্যবস্থার প্রতিফলন। প্রতিবন্ধী মানুষদের জন্য পর্যাপ্ত সহায়তা ও মনো-সামাজিক সহায়তা না থাকলে এমন ঘটনা বারবার ঘটতে পারে।
মনু মিয়া যদি শুধু কিছুটা সহানুভূতি, কিছুটা সরকারি সহায়তা পেতেন-হয়তো আজ মনিরা ও ফাতিহা বেঁচে থাকত।