কুমিল্লায় পুকুরে ডুবে ১৬ মাসের শিশুর মৃত্যু

  • কুমিল্লা প্রতিনিধি
  • ২০২৫-০৬-০৯ ১২:৪৮:৪২
image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৬ মাস বয়সী শিশু হোসাইন। রোববার (৮ জুন) সকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হোসাইন ওই গ্রামের রফিকুল ইসলামের একমাত্র সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে ঘরের ভেতর খেলছিল হোসাইন। কিছু সময় পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখা যায়।
পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শঙ্খজিৎ সমাজপতি বলেন, “শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মৃত্যুর কারণ সম্ভবত পানিতে ডুবেই হয়েছে।”
এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীরা জানান, হোসাইন খুবই প্রাণবন্ত ও প্রিয় ছিল পরিবারের সবার কাছে।
বিশেষজ্ঞরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ির আশপাশে পানির উৎস, যেমন পুকুর বা ডোবার চারপাশে বেড়া দেওয়ার পরামর্শ দেন। সামান্য অসতর্কতা যে কী ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, হোসাইনের মৃত্যু তারই নির্মম উদাহরণ।