মো বা র ক হো সে ন

  • এই মেয়েটি
  • ২০২৫-০৬-০৮ ২০:০৪:৫৩
image

এই মেয়েটি চলতে জানে,
এই মেয়েটি বলতে জানে,
এই মেয়েটি হোঁচট খেয়ে
অনেক বড়ো ব্যথা পেয়ে
সোজা হয়ে উঠতে জানে;
ফুল হয়ে ফুটতে জানে।

এই মেয়েটি মুক্ত পাখি,
সময় সুযোগ দেয় না ফাঁকি,
দূর আকাশে উড়তে জানে
রোদ গরমে পুড়তে জানে,
নিজের আবাস গড়তে জানে
কাজে- কর্মে লড়তে জানে;
এই মেয়েটি সবার সেরা- গল্প-গানে।

এই মেয়েটি সোহাগরাঙা চন্দ্রমুখী, 
রাগ-অনুরাগ অঙ্গেমাখা অনেক সুখী। 
এই মেয়েটি দীপ্তিময়ী,
জীবনযুদ্ধে সংগ্রামী এক দিগ্বিজয়ী।
এই মেয়েটি গ্রাম বাংলার সফল নারী, 
এই মেয়েটি সুখে-দুখে ঘর-সংসারী।
আমার দেখা এই মেয়েটি আমার গ্রামে, 
নাম বললে কী চিনবে সবাই তাহার নামে ?