ঢাকা- ৭ জুন ২০২৫
ঈদের পবিত্র আনন্দের দিনেও রাষ্ট্রের দায়িত্বশীলতা ভুলে যাননি কেউ। শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহার দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দেশের সশস্ত্র বাহিনীর দুই শীর্ষ কর্মকর্তা-সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং নিশ্চিত করেছে যে, রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-তে এদিন আলাদা আলাদাভাবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার স্ত্রীকে সঙ্গে নিয়ে উপস্থিত হন। এ সময় দু’পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়। পরে একই দিনে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও তার স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
এই সাক্ষাৎকে রাষ্ট্রীয় প্রটোকলের ধারাবাহিকতা বলা হলেও, বর্তমান অন্তর্বর্তী সরকারের দায়িত্বপালনের প্রেক্ষাপটে এ ধরনের সৌজন্য বিনিময়কে অনেকেই দেখছেন রাষ্ট্র ও সামরিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমন্বয়ের বার্তা হিসেবে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস যখন নতুন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তখন সশস্ত্র বাহিনীর প্রধানদের এই সৌজন্য সাক্ষাৎকে একটি স্থিতিশীল প্রশাসনিক সম্পর্কের ইঙ্গিত হিসেবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
একজন নিরাপত্তা বিশ্লেষক সকালের আলোকে বলেন, “এ ধরনের সাক্ষাৎ কেবল শুভেচ্ছা বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটা একটি সাংকেতিক বার্তা-রাষ্ট্রযন্ত্রের সবগুলো স্তর অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থাশীল ও সহযোগিতামূলক।”
পবিত্র ঈদুল আজহা আত্মত্যাগ, সংহতি ও সামাজিক ঐক্যের বার্তা দেয়। এমন দিনে রাষ্ট্রের সামরিক ও বেসামরিক শীর্ষ নেতৃত্বের এই শুভেচ্ছা বিনিময় সেই মূল্যবোধগুলোকেই প্রতিফলিত করে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এমন সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ রাষ্ট্রের শৃঙ্খলা ও ভবিষ্যতের নির্ভরযোগ্যতার বার্তা দেয়।
ঈদের দিনে রাষ্ট্রীয় অতিথি ভবনে এমন উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ শুধু উৎসবের সৌন্দর্য নয়, বরং তা একটি সুগঠিত রাষ্ট্রীয় কাঠামোর চিত্র তুলে ধরে। নির্বাচনের প্রাক্কালে এমন সৌহার্দ্যপূর্ণ বার্তা দেশে স্থিতিশীল গণতান্ত্রিক পথচলার সহায়ক হবে-এটাই সাধারণ নাগরিকদের প্রত্যাশা।