জা হা না রা বু লা

  • মনস্তাপ
  • ২০২৫-০৬-০৭ ১৫:৩৭:১৬
image

তোমার হাতের উষ্ণ তালু ছুঁয়ে দেখা হলো না 
দীর্ঘ বছরগুলোতেও
অথচ, বিদায় বলার সময় এখন
ভালোবাসা অবহেলিত পুস্তক হয়ে 
শেল্ফে মুখ থুবড়ে পড়ে থাকতে চায় না
এদের ধাবমান স্বভাব-  
আমরা তা ভালো'ই জানি। 

আবার যদি প্রেমে উন্নিত হও দ্বিতীয় বারের মত 
সাধারণ অবয়বের নিচে বোকা খুঁজো না
প্রতিপক্ষ দুর্বল কি দুর্বৃত্ত তুমি কিন্তু সবটা জানবে না
বহু সাধারণের'ই আছে অমর্ত্য অনুভব। 

যারা যুদ্ধে নামে তাদের বন্দুক এবং কার্তুজ দুটোই থাকে
তবে ময়দানে ফাঁকা আওয়াজ করে না বুদ্ধিমানেরা
তারা শত্রু বধ করে
জয়ী হয়। 

তুমি কি ছিলে, শত্রু না কি মিত্র
ব্যবহারটা খুলেমেলেই  বুঝিয়ে দিতে পারতে
ভালোবাসা অস্থিরতা আর উন্মাদনা ছাড়া কিছু তো নয় 
মনস্তত্ত্বটা জানা থাকলে মনস্তাপ হয় না।