কোরবানির ছায়ায় ঈদ

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৫-০৬-০৭ ১৫:২৭:০৩
image

ঈদ আসে নয়নে নয়নে শান্তির মতো,
ভোরের আলোয় নামে শুভ্রতা নিঃশব্দে।
সবার ঘরে ঈদের প্রস্তুতি-রঙে, গন্ধে,
আত্মার গভীরে ফিরে আসে কোরবানির কথা।

কোরবানির হাটে গরুর ডাকে যেনো-
পিতা ইব্রাহিমের আহ্বান ফিরে ফিরে বাজে।
আল্লাহর প্রেমে, বিশ্বাসের ছুরিতে
আত্মত্যাগ আজও গড়ে তোলে নব ঈমান।

প্রতিটি প্রাণী যেন একেকটি প্রশ্ন-
কে সত্যিকারের ঈমানদার?
কে আপন ভালোবাসাকে ত্যাগ করতে পারে
প্রভুর ডাকে সাড়া দিতে?

খাবারের টেবিলে মাংস শুধু নয়,
থাকে শ্রমিকের ঘাম, কৃষকের চোখের জল,
বঞ্চিতের হাহাকার আর একফোঁটা দয়া।
ঈদ মানে তাই শুধু খুশি নয়-
তা এক আত্মবিশ্লেষণের দিন,
একটি মানবিক বিপ্লবের উৎসব।

গরিবের মুখে হাসি ফোটানোই ঈদের জয়,
পাশের মানুষকে আপন করে তোলাই প্রকৃত সেলাম।
ঈদ মানে কেবল রঙিন জামা নয়,
তা মনের কালিমা ধুয়ে ফেলার নাম।

এই ঈদে আসুন, আমরা ত্যাগ করি অহংকার,
ভাগাভাগি নয়-গড়ে তুলি সহানুভূতির সমাজ।
আত্মত্যাগই হোক আনন্দের উৎস,
এমন ঈদ হোক আমাদের একসাথে পথচলার প্রেরণা।