ঢাকা, ৫জুন ২০২৫
গত এক যুগে বাংলাদেশে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত নিপীড়নের ঘটনায় রাষ্ট্রীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর জড়িত থাকার বিস্ফোরক চিত্র উঠে এসেছে গুম বিষয়ক তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে। বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের হাতে জমা দেওয়া হয় প্রতিবেদনটি।
গুমের ছায়ায় রাষ্ট্রীয় শক্তি
‘আনফোল্ডিং দ্য ট্রুথ: অ্যা স্ট্রাকচারাল ডায়াগনোসিস অব এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স ইন বাংলাদেশ’ শীর্ষক এ প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়, অতীত সরকার (বিশেষত আওয়ামী লীগ নেতৃত্বাধীন প্রশাসন) ক্ষমতায় থাকাকালে পুলিশ, র্যাব, ডিবি, সিটিটিসি, এমনকি ডিজিএফআই ও এনএসআই-এর মতো গোয়েন্দা সংস্থাগুলো গুমের ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল।
ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী, গুমের অধিকাংশ ক্ষেত্রেই অভিযুক্ত ছিল সরকারি বাহিনীগুলোর সদস্যরা। এমনকি সেনাবাহিনী সংশ্লিষ্ট ডিজিএফআই ও বিজিবি’র সদস্যদের বিরুদ্ধেও গুমে সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।
কমিশনের পর্যবেক্ষণে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলো সংবিধান ও প্রচলিত আইন লঙ্ঘন করে আটক, জিজ্ঞাসাবাদ ও অপহরণে জড়িয়েছে। এটি সাংবিধানিক কাঠামোর বাইরে একটি অবৈধ ‘সমান্তরাল ক্ষমতার বলয়’ গড়ে তোলার শামিল।
পুলিশ: রক্ষক নাকি নির্যাতক?
প্রতিবেদনে পুলিশের ভূমিকাকে গভীরভাবে বিশ্লেষণ করা হয়। ২০০৯ সালের পর থেকে রাজনৈতিক বিরোধ দমনে পুলিশকে ‘সরকারের হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ উঠে আসে। বিএনপি ও জামায়াতের কর্মীদের লক্ষ্য করে দমন-পীড়ন, গুম ও হেফাজতে নির্যাতনের তথ্য প্রমাণসহ তুলে ধরা হয়।
পুলিশের বিশেষ ইউনিট-ডিবি, এসবি, সিআইডি, এবং র্যাবের মাধ্যমে পরিচালিত বিচারবহির্ভূত ‘ক্রসফায়ার’ দীর্ঘদিন ধরে আইনের শাসনের লঙ্ঘন করেছে। ২০১৩ সালে নির্যাতন ও হেফাজতে মৃত্যু প্রতিরোধ আইন কার্যকর হলেও, বাস্তবে তার প্রভাব ছিল সীমিত। দায়ী কর্মকর্তাদের বিচারের আওতায় আনা হয়নি বললেই চলে।
র্যাব: দমনযন্ত্রের রূপান্তর
২০০৪ সালে গঠিত র্যাব প্রথমদিকে সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী বাহিনী হিসেবে প্রশংসিত হলেও দ্রুতই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়। দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে আসে-গুম, হেফাজতে নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে র্যাবের প্রত্যক্ষ জড়িত থাকার বহু তথ্য।
বিশেষ করে ঢাকার কুর্মিটোলায় অবস্থিত ‘টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল’কে ঘিরে ভয়াবহ চিত্র উঠে এসেছে। এখানে অন্ধকার কক্ষে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় দিনের পর দিন বন্দিদের শারীরিক ও মানসিক নির্যাতনের বর্ণনা দিয়েছেন বহু ভুক্তভোগী। ৩৮টি স্বতন্ত্র সাক্ষ্যে উঠে আসে বিদ্যুৎ শক, পানিতে ডুবিয়ে রাখা, উল্টে ঝুলিয়ে নির্যাতনের ভয়াবহ বিবরণ। শিশু ও মানসিক রোগীরাও এর বাইরে ছিল না।
র্যাব সদস্যরা জানতেন, তাদের জবাবদিহির আওতায় আনা হবে না। এই দায়মুক্তির সংস্কৃতি র্যাবকে বেপরোয়া করে তোলে এবং সংবিধানবিরোধী এক ভয়ের পরিবেশ গড়ে তোলে।
দায়মুক্তি সংস্কৃতির পরিণতি
তদন্ত কমিশনের মতে, এসব ঘটনা শুধুমাত্র আইন লঙ্ঘনের উদাহরণ নয়, বরং রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার এবং জনমনে আস্থাহীনতার গভীর শিকড়। মানুষ যখন আইন প্রয়োগকারী সংস্থাকেই ভয় পায়, তখন ন্যায়বিচার ও গণতন্ত্র মার খায়।
কমিশনের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর র্যাব তাদের নির্যাতনের প্রমাণ নষ্টে মরিয়া হয়ে ওঠে। টিএফআই সেলের গঠন বদল, নির্যাতন কক্ষ ভাঙা, নজরদারি ক্যামেরা অপসারণ এবং টাইলস তুলে ফেলা-সবই ছিল ফরেনসিক প্রমাণ মুছে ফেলার চেষ্টা।
মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
র্যাবের কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ ছিল। যুক্তরাষ্ট্র ২০২১ সালের ডিসেম্বরে র্যাব ও তার কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাজ্যও সহায়তা ও প্রশিক্ষণ বন্ধ করে দেয় এক দশক আগেই।
কমিশনের সুপারিশ: র্যাব বিলুপ্তির দাবি
তদন্ত কমিশন মনে করে, র্যাবের অতীত কর্মকাণ্ড ও জনমনে তৈরি করা ভয় ও অনাস্থা দূর করতে হলে বাহিনীটি সম্পূর্ণ বিলুপ্ত করা জরুরি। র্যাব থাকলে দায়মুক্তির চক্র বন্ধ হবে না, মানবাধিকারে শ্রদ্ধাশীল নিরাপত্তা কাঠামো গড়ে উঠবে না।
এই প্রতিবেদন শুধু একটি প্রশাসনিক ব্যর্থতার দলিল নয়, এটি একটি রাষ্ট্রীয় ব্যর্থতার গভীর স্বীকৃতি। বাংলাদেশে গুম, বিচারবহির্ভূত হত্যা ও নির্যাতনের জন্য দায়ী বাহিনীগুলো যদি জবাবদিহির আওতায় না আসে, তবে আইনের শাসন শুধু কাগজে থাকবে, বাস্তবে নয়।
কমিশনের প্রতিবেদন এখন রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের বিবেকের পরীক্ষায় রূপ নিয়েছে।
এখন প্রশ্ন-আসলে কারা গুম করে, আর কে তাদের থামাবে?
সূত্র: বাসস, গুম বিষয়ক তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন
সংগৃহীত ও সংকলিত: সকালের আলো ডট কম রিপোর্টিং ডেস্ক