শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে কুরবানির টাকা খোয়ালেন বৃদ্ধ

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৫-০৬-০৫ ১৮:৩২:৪৯
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার সময় প্রকাশ্যে নগদ অর্ধ লাখ টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরিচিত সেজে হ্যান্ডশেকের মাধ্যমে ‘শয়তানের নিশ্বাস’ (স্কোপোলামিন) দিয়ে কৌশলে এ টাকা নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী বৃদ্ধ শহিদুল্লাহ ধনু(৬৫)। 
বুধবার সকালে বসুরহাট পৌরসভার বসুরহাট বাজারের ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বের হয়ে ওয়েল মিলের সামনে এ ঘটনা ঘটে।শহিদুল্লাহ চরহাজারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইসমাইল পন্ডিত বাড়ীর বাসিন্দা।
ভুক্তভোগী বৃদ্ধ শহিদুল্লাহ জানান, ইসলামী ব্যাংক বসুরহাট শাখা থেকে  টাকা তোলার পর অয়েল মিলের সামনে রাস্তায় এক অপরিচিত লোক সালাম দিয়ে হ্যান্ডশেক করে, প্রবাসে আমার ছেলেদের সাথে নাকি তার পরিচয় আছে, কথা বলতে বলতে বসুরহাট জিরো পয়েন্ট আসে। এর মধ্যে আমার কাছে থাকা কুরবানির নগদ ৫০হাজার টাকা লোকটা নিয়ে যায়। আমি বাড়ীতে যাওয়ার  ২০ মিনিট পর বুঝতে পারি উনি টাকা গুলো নিয়ে গেছে।
ইমরান রায়হান নামে চরফকিরার এক বাসিন্দা জানান ,কয়েকদিন আগে তাদের বাড়ীতে বেড়াতে আসা শিউলী নামের ১২ বছরের এক শিশুকেও বাড়ীর দরজা থেকে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে তার মোবাইলটি হাতিয়ে নেয়। পরে শিশুটিকে ফেনীতে পাওয়া যায়। তার বাড়ীর দরজা থেকে ফেনী আসার মাঝের ঘটনা কিছুই মনে নেই শিউলির।
এসব ঘটনায় বসুরহাটের এক ব্যবসায়ী বলেন, প্রায়ই এমন ঘটনা ঘটে। এরা ব্যাংক গুলোকে টার্গেট করে।  আমরা প্রশাসনের কাছে দাবি জানাই-এই চক্রকে দ্রুত গ্রেপ্তার করে সাধারণ জনগনের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ঘটনাটি আমরা শুনেছি।এসব চক্র সাধারণত অন্য এলাকা থেকে এসে দ্রুত অপরাধ করে পালিয়ে যায়। আমরা এ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার চেষ্টা করতেছি।