মু র্শি দা মু ন্নী

  • ভাবনার সময়
  • ২০২৫-০৬-০৪ ২৩:৩৫:৩০
image

অনেক সময় অবহেলায় কাটিয়েছি 
ভাবিনি ভাবনার সময় এত কমে যাবে ।
কৈশোরের লাবন্যতা ,যৌবনের উচ্ছ্বাস 
সময়ের কোলে অবসন্ন বসত গড়ে ।
দৃষ্টির আড়ালে অসংখ্য প্রয়োজন ফুরায়, 
বৃষ্টির সঙ্গে ধুয়ে মুছে যায় স্মৃতি।
বড় বেশি আক্ষেপের সময়গুলো এখন
কেবলি ছেলেমানুসি ভাবনার আদল ।
বুকের গভীরের জমে থাকা সুখস্মৃতি 
বিসর্জনের মন্ত্র খোঁজে বেলা শেষের আলোয় ।
ঢলে পড়া গোধূলির আলোয় চোখে ভাসে 
ফেলে আসা সুখের দৃশ্যপট ।
অসময়ে পাখির ডাকে মন ফেরে 
প্রিয় বেলকনীর চৌকোনা জমিনে।
অলস বিকেলের নরম মগ্নতায় কেবল
ব্যাখ্যার অতীত চঞ্চলতা ।
অহেতুক দিন গুনে জীবন ফুরায় 
বহতা নদীর স্রোতে মিশে বিকেল গড়ায় রাত্তিরে।  
বৃষ্টিস্নাত কালচে সবুজ পাতায় ক্লান্তির ছাপ 
রেখে দিনের শেষ আলো রাত্রির গর্ভে লুকায়।
গহীনের শব্দের সাথে প্রিয় স্বপ্নেরা মিলে মিশে 
আবাস গড়ে নতুন সুখের। 
চৌকোনা জমিনের সবটুকু ঘিরে 
সদ্য ফুটে উঠা বেলীর সুগন্ধ ছুঁয়ে থাকে।
বেলকনী বিলাসের একান্ত সময়টুকু কেবলি 
আমিময় মুগ্ধতা হয়ে থাকে,
 বর্ষার শ্যামলা আকাশ কেবল স্বাক্ষী হয়ে রয় !!