চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ ভবনের প্রায় আধা কিলোমিটার দূরের একটি বাড়ি থেকে ঈদের বিশেষ ভিজিএফ বরাদ্দের ৮৩৭ কেজি (১৭ বস্তা) চাল জব্দ হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ এবংং স্থানীয় সূত্রে জানা গেছে,গত মঙ্গলবার(৩ জুন) বিকালে পুলিশের উপস্থিতিতে ওই চাল জব্দ করে হেফাজতে নেয় প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিস। এ ঘটনায় গত মঙ্গলবার রাতেই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সরকারি চাল কালোবাজারির উদ্দেশ্যে আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন সহ ৮ জনকে এজাহারনামীয় এবং আরও ১০/১২ জন অজ্ঞাতনামাকে আসামী করে মামলা করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম।
বুধবার(৪জুন) বিকাল পর্যন্ত মামলায় কেউ আটক হয় নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো:নুরুল ইসলাম এবং সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও বলেন,চালগুলো সরকারি চালের বস্তায় পাওয়া যায়নি। তবে সেগুলো সরকারি চাল। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ওসি বলেন, উপজেলা প্রশাসন গোপন সংবাদে সরকারি চাল মজুদের বিষয়টি জানতে পারার পর পুলিশকে অবহিত করে। এরপর পিআইও নিজেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাল জব্দ করেন।
সংশ্লিস্ট ইউপি প্যানেল চেয়ারম্যান-১ এবং ৫ নং ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম বলেন,স্থানীয় নুরুল ইসলাম নামে এক ব্যাক্তির বাড়িতে গত মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো অভিযানে চালগুলো জব্দ হয়। নুরুলের ভাগিনা এবং সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের এক ব্যাক্তি এ্ই ঘটনার সাথে জড়িত বলে শোনা গেছে বলেও জানান প্যানেল চেয়ারম্যান।
তিনি আরও বলেন,ইউনিয়নে প্রতিজনকে ১০ কেজি করে চাল দেয়ার জন্য ৪ হাজার ১৫১ টি ভিজিএফ কার্ড পাওয়া গেছে। গত ৩০মে চালের বরাদ্দ পাওয়া যায়। গত ১,২ এবং ৩মে কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়। কিন্তু কোন চাল ৫০ কেজির সরকারি বস্তায় বিতরণ হয় নি। বস্তা কেটে ১০ কেজি করেই দেয়া হয়েছে। কেউ চাল পান নি এমন অভিযোগও পাননি বলেও জানান প্যানেল চেয়ারম্যান।