আইপিএলের আঠারো বছর: গ্রাম থেকে গ্ল্যামারে,এক ক্রিকেট বিপ্লবের নাম

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৬-০৪ ১৪:২৫:৪৫
image
ঢাকা| ৪ জুন ২০২৫
১৮ বছর আগেও কেউ ভাবেনি, একটা ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এমন বিপ্লব ঘটাবে বিশ্ব ক্রিকেটে। কিন্তু আইপিএল এসে বদলে দিয়েছে সেই গল্পটাই-ক্রিকেট হয়ে উঠেছে তারকা তৈরির কারখানা, অর্থ-সম্ভাবনার খনি আর আবেগের এক নতুন মঞ্চ।
২০০৮ সালে মাত্র আট দলের অংশগ্রহণে যাত্রা শুরু করেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আজ, ২০২৫ সালে এসে, ১৮টি আসর পার করে এটি দাঁড়িয়েছে কেবল একটি টুর্নামেন্ট নয়-একটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে।
আজকের ক্রিকেট জগতে আইপিএলে সুযোগ মানেই, ভাগ্য বদলের দরজা খুলে যাওয়া। বহু তরুণ ক্রিকেটার, যারা আগে জাতীয় দলেও সুযোগ পাননি, তারা আইপিএল মঞ্চেই এমন পারফর্ম করেছেন যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তাঁদের নাম।
কেউ এসেছেন ভারতের প্রত্যন্ত গ্রাম থেকে, কেউ ক্যারিবীয় দ্বীপের অচেনা প্রান্ত থেকে, কেউবা বাংলাদেশ, নেপাল কিংবা আফগানিস্তানের সীমান্ত অঞ্চল থেকে। কিন্তু একবার আইপিএলে নাম উঠলেই শুরু হয়েছে এক রূপকথার উত্থান।
বিশ্বের একমাত্র ‘কোটিপতি লিগ’ হিসেবে পরিচিত আইপিএলের বাজারমূল্য এখন দেড় বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। স্পনসরশিপ, সম্প্রচার অধিকার, টিকিট বিক্রি, অনলাইন ভিউয়ারশিপ-সব মিলিয়ে এটি হয়ে উঠেছে ক্রিকেটের সুপার বোল।
আইপিএল কেবল ক্রিকেটারই তৈরি করেনি, গড়ে তুলেছে এক বিশাল ইকোসিস্টেম: কোচ, অ্যানালিস্ট, স্পোর্টস মার্কেটার, ফ্র্যাঞ্চাইজি ব্যবসায়ী এবং বিনোদন জগতের শীর্ষ তারকারাও এর অংশ।
এই ১৮ বছরে কেবল খেলোয়াড় নয়, দলগুলোর মধ্যেও গড়ে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা ও রাজত্বের ইতিহাস। নিচে দেখুন, কে কবে শিরোপা জিতেছে-
বছর চ্যাম্পিয়ন দল
২০০৮ রাজস্থান রয়্যালস
২০০৯ ডেকান চার্জাস
২০১০ চেন্নাই সুপার কিংস
২০১১ চেন্নাই সুপার কিংস
২০১২ কলকাতা নাইট রাইডার্স
২০১৩ মুম্বই ইন্ডিয়ান্স
২০১৪ কলকাতা নাইট রাইডার্স
২০১৫ মুম্বই ইন্ডিয়ান্স
২০১৬ সানরাইজার্স হায়দরাবাদ
২০১৭ মুম্বই ইন্ডিয়ান্স
২০১৮ চেন্নাই সুপার কিংস
২০১৯ মুম্বই ইন্ডিয়ান্স
২০২০ মুম্বই ইন্ডিয়ান্স
২০২১ চেন্নাই সুপার কিংস
২০২২ গুজরাট টাইটানস
২০২৩ চেন্নাই সুপার কিংস
২০২৪ কলকাতা নাইট রাইডার্স
২০২৫ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
এ তালিকায় সবচেয়ে সফল দল হলো মুম্বই ইন্ডিয়ান্স (৫ বার) ও চেন্নাই সুপার কিংস (৫ বার)। আর ২০২৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) অবশেষে প্রথমবারের মতো ট্রফি ছুঁয়ে বিরাট কোহলির ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটায়।
আইপিএল অনেকক্ষেত্রে প্রমাণ করেছে-ক্রিকেট কেবল ব্যাট-বলের খেলা নয়, এটি সমাজ বদলের হাতিয়ারও হতে পারে। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসা এক তরুণ যখন আইপিএলে খেলেন, তখন তার সঙ্গে বদলে যায় গোটা পরিবার, একটি জনপদ-মাঝে মাঝে একটি দেশের ভাবনাও।
২০০৮ সালে যাত্রা শুরু করা এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এখন গ্লোবাল স্পোর্টস আইকন। এখানেই দেখা মেলে একেবারে ভিন্ন সংস্কৃতির মানুষদের এক ব্যাটন নিচে একত্রীকরণের।
আইপিএলের ১৮ বছরের পথচলা তাই কেবল এক গ্ল্যামারাস গল্প নয়, বরং এটি আবেগ, প্রত্যাশা আর লড়াইয়ের এক নিরবিচ্ছিন্ন দলিল।