ঢাকা| ৩ জুন ২০২৫
ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হলেও ভুটানের বিপক্ষে আগামীকালের (৪ জুন) লড়াইকে ঘিরে বাংলাদেশ ফুটবল অঙ্গনে বিরাজ করছে যেন আন্তর্জাতিক টুর্নামেন্টের উত্তাপ। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। তবে ম্যাচটিকে ঘিরে ক্রীড়ামোদীদের আলোচনার কেন্দ্রে রয়েছে কেবল দুই নাম-হামজা চৌধুরী ও ফাহামিদুল ইসলাম।
প্রবাসী এই দুই তারকার অভিষেক ও মাঠে নামা নিয়ে কৌতূহল তুঙ্গে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন মিডফিল্ডার হামজা চৌধুরী এর আগেই ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে অভিষেক ঘটিয়েছেন। তবে দেশের মাটিতে এটাই হতে পারে তার প্রথম উপস্থিতি। অন্যদিকে, মাত্র ১৮ বছর বয়সী ইতালি প্রবাসী ফরোয়ার্ড ফাহামিদুল ইসলামের জন্য এ ম্যাচ হতে পারে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অভিষেকের মঞ্চ।
আজ (৩ জুন) বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ দলের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সেখানে হামজা-ফাহামিদুলকে ঘিরে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি প্রশ্নের মুখোমুখি হন তিনি। স্পষ্টভাবে তাদের নাম না বললেও, ইঙ্গিত ছিল ইতিবাচক।
হামজার বিষয়ে তিনি ছোট্ট করে বলেন, “সে অ্যাভেইলেবল।” অর্থাৎ, দলে খেলার জন্য উপযুক্ত অবস্থানে আছেন এই মিডফিল্ডার। অন্যদিকে ফাহামিদুলকে নিয়ে কিছুটা বিস্তারিত মন্তব্য করেন কোচ, “কিছু ম্যাচ টাইম আমি তাকে দিতে চাই। আপনারা কাল সেটা দেখতে পারবেন।” এতে ধারণা করা হচ্ছে, কালকের ম্যাচে ফাহামিদুলকে বদলি হিসেবে মাঠে দেখা যেতে পারে।
দুই ফুটবলারের ভিন্ন ভিন্ন পজিশন এবং দক্ষতা ম্যাচটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। হামজা যেখানে মাঝমাঠে খেলার ছন্দ ধরে রাখেন, সেখানে ফাহামিদুলের খেলায় আছে গোলের ক্ষুধা, গতি ও আক্রমণাত্মক প্রবণতা। তাই ভুটান ম্যাচে তাদের মাঠে দেখা গেলে সেটা কেবল তাদের জন্যই নয়, বরং বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্যও হতে যাচ্ছে এক নতুন অধ্যায়ের সূচনা।
হ্যাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, দল কেমন থাকবে, কে শুরু করবে, কে বদলি হয়ে নামবে-সবকিছুই নির্ভর করছে আজ রাতের শেষ অনুশীলনের উপর। এর মানে স্পষ্ট, কোচ এখনো তার পরিকল্পনা চূড়ান্ত করেননি। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হামজার খেলোয়াড় হিসেবে অবস্থান ও ফাহামিদুলের সুযোগ পাওয়ার সম্ভাবনা একরকম নিশ্চিত করেছেন।
কাবরেরাকে যখন সরাসরি প্রশ্ন করা হলো-“কাল হামজা কি খেলছেন?”, তিনি হাসিমুখে মাথা নাড়িয়ে জানিয়ে দিলেন ইতিবাচক বার্তা। অন্যদিকে, ফাহামিদুলের ব্যাপারে বারবার বলেছেন, “হ্যাঁ, কিছু সময় ওকে দেখা যাবে।”
১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভুটানের বিপক্ষে এই ফ্রেন্ডলি ম্যাচকে প্রস্তুতি হিসেবে দেখছে বাংলাদেশ দল। তাই এ ম্যাচে যেসব খেলোয়াড়রা মাঠে নামবে, তারা ১০ জুনের ম্যাচে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাও তৈরি করবে।
প্রস্তুতির অংশ হিসেবে কোচ এবং টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের সাম্প্রতিক পারফরম্যান্স, ফিটনেস এবং ম্যাচ রিডিং যাচাই করবেন এই ম্যাচে। সেই বিবেচনায় প্রবাসী দুই ফুটবলারের মাঠে নামা এই ম্যাচকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
বাংলাদেশে এমনিতেই প্রতিভাবান খেলোয়াড়দের আগমনকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়। বিশেষ করে যদি সেই খেলোয়াড় ইংল্যান্ডের মতো উন্নত ফুটবল কাঠামোর মধ্য দিয়ে উঠে আসেন, কিংবা ইতালির মতো ইউরোপীয় ঘরানার কোনো ক্লাবে অনুশীলিত হন-তাহলে তো কথাই নেই। হামজা ও ফাহামিদুল সেই দুই প্রেক্ষাপটের প্রতিনিধিত্ব করেন। তাই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে মাঠের গ্যালারি-সব জায়গাতেই এখন আলোচনার ঝড় বইছে এ দুজনকে ঘিরে।
হ্যাভিয়ের ক্যাবরেরা দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ ফুটবল দলে ধীরে ধীরে নতুন চিন্তা, পজিশনাল ফুটবল এবং প্রতিভা যাচাইয়ের দৃষ্টিভঙ্গি এসেছে। আগের কোচদের চেয়ে তিনি বেশি মনোযোগ দেন ম্যাচপূর্ব বিশ্লেষণ, ভিডিও অ্যানালাইসিস এবং খেলোয়াড়দের মানসিক প্রস্তুতির উপর। তাই কেবল ফিজিক্যাল ফিটনেস নয়, কে কতটা ‘ট্যাকটিক্যালি’ ম্যাচে মানিয়ে নিতে পারে, সেদিকেও তাকিয়ে থাকেন তিনি।
এই কোচের অধীনে দেশের মাঠে প্রবাসী ফুটবলারদের অভিষেকের সম্ভাবনাও তাই এক বিশেষ গুরুত্ব বহন করে।
ভুটানের বিপক্ষে জয়-পরাজয়ের হিসাবের চেয়ে ম্যাচটির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে প্রবাসী ফুটবলারদের অংশগ্রহণ। মাঠে তারা কেমন পারফর্ম করেন, সেটাই নির্ধারণ করে দেবে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ গতি প্রকৃতি। কারণ, ফুটবল ফেডারেশন এখন আরও অনেক প্রবাসী প্রতিভাকে খুঁজে এনে জাতীয় দলে সুযোগ করে দিতে চাইছে।
এই সুযোগ কাজে লাগাতে পারলে হামজা ও ফাহামিদুল হতে পারেন ভবিষ্যতের রোল মডেল। আর কালকের ম্যাচ হয়ে উঠতে পারে একটি যুগান্তকারী সূচনা।
যেখানে ভুটানের বিপক্ষে ম্যাচটি প্রথাগতভাবে একটি প্রস্তুতি ম্যাচ হিসেবে দেখা যেত, সেখানে এখন এটি পরিণত হয়েছে এক সম্ভাবনার ম্যাচে। নতুন যুগের সূচনা, দুই নতুন মুখের যাত্রা এবং হাজারো সমর্থকের স্বপ্নের মঞ্চ-সব মিলিয়ে আগামীকাল সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে যে উত্তেজনার আঁচ লাগবে, তা হয়তো অনেক দিন মনে রাখবে বাংলাদেশ ফুটবল।