রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিক নির্যাতনে উত্তপ্ত মে মাস,উদ্বেগজনক মানবাধিকার চিত্র প্রকাশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৬-০৩ ১৫:২২:৪৬
image

ঢাকা| ৩ জুন ২০২৫
চলতি বছরের মে মাসে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনি ও সাংবাদিক নির্যাতনের ঘটনায় ভয়াবহ মানবাধিকার সংকটের চিত্র তুলে ধরেছে মানবাধিকার সংস্থা রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সংগঠনটির তথ্য অনুযায়ী, মে মাসজুড়ে ঘটে যাওয়া এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৯ জন, আহত হয়েছেন অন্তত ৩৮১ জন এবং সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন ৯১ জন।
সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মে মাসে সারাদেশে ৬০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা রেকর্ড করা হয়েছে। এতে বিএনপির ৫ জন, আওয়ামী লীগের ৩ জন এবং জামায়াতে ইসলামী-সংলগ্ন ১ জন কর্মী নিহত হন। আহতের সংখ্যা পেরিয়েছে তিন শতাধিক। এই সহিংসতা সংঘটিত হয়েছে রাজনৈতিক মিছিল, পাল্টা কর্মসূচি, স্থানীয় নির্বাচন ঘিরে উত্তেজনা ও পুলিশি হস্তক্ষেপের পটভূমিতে।
রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী, মে মাসে ৩১টি ঘটনায় সাংবাদিক নির্যাতনের শিকার হন ৯১ জন সংবাদকর্মী। এর মধ্যে ৩৩ জন আহত, ৭ জন হুমকির মুখে, ৩ জন গ্রেপ্তার হন। একই মাসে ৭টি মামলায় মোট ৪৮ জন সাংবাদিককে আসামি করা হয়েছে, যা সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হুমকি বলেই মনে করছে সংগঠনটি।
একই প্রতিবেদনে উঠে এসেছে গণপিটুনির মতো ভয়াবহ সামাজিক সহিংসতার চিত্র। মে মাসেই দেশের বিভিন্ন প্রান্তে গণপিটুনিতে ১০ জন নিহত এবং অন্তত ২৫ জন গুরুতর আহত হয়েছেন। সামাজিক অস্থিরতা, আইনের প্রতি অনাস্থা ও তৎপর নিরাপত্তা কাঠামোর অভাব এই প্রবণতার জন্য দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় প্রকাশিত পরিসংখ্যানও উদ্বেগ বাড়িয়েছে। ১৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হন। তাদের মধ্যে ৫৫ জন ধর্ষণের শিকার, যার মধ্যে ২৫ জনের বয়স ১৮ বছরের নিচে। আরও দুঃখজনক হলো-১৪টি গণধর্ষণের ঘটনায় ৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, “দেশে আইনের শাসন, গণতন্ত্র এবং মানবাধিকারের বাস্তবায়নে রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে গঠনমূলক আলোচনা অপরিহার্য হয়ে উঠেছে।” রাইটস সাপোর্ট সোসাইটি মনে করে, মৌলিক অধিকার রক্ষা এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা প্রয়োজন।
এছাড়া, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, বিদেশি পর্যবেক্ষক ও স্থানীয় মানবাধিকার কর্মীদের আরও সক্রিয় হয়ে এই সংকট নিরসনে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।