না সি য়া ডে লা

  • এক টুকরো সুখ !
  • ২০২৫-০৬-০২ ২২:০৭:৩২
image

স্তব্ধ হয়ে থেকেছি
অজস্রবার আপনাকে অর্থব করে , 
সময়ের পরিক্রমায় পার করি তন্দ্রা বিহীন দীর্ঘ রাত। 
মধ্য রাতগুলোয় এক বিধস্ত মৃত্যুতে ডুবে যাই
যার নাম অসমাপ্ত প্রেম। 
চোখের পাতায় ব্যার্থতার সীসাভারে
নুইয়ে পড়ে হতাশা। 
ক্রমেই ক্ষয় হচ্ছে অবোধ মগজ, 
আগামীকাল নয়, আজই দেখেছি পরশু কি হবে। 

চারিপাশের অদৃশ্য 
অসংখ্য ঘুমহীন করোটি গুলো বলছে আমায়, 
পালিয়ে যাও দুরে- দুরে -দুরে 
যদি সত্যি বাঁচতে চাও। 
ঝেড়ে ফেলো পুরনো হিসেব। 
অথচ পারছি না! চাইলেই কি খুলে ফেলা যায় 
বরাদ্দকৃত অক্সিজেন মাক্স? টান ওঠে যে! 
সব ফুসফুস খোলা জানালায় মুখ রাখেনা। 

বাতাসে কান পেতে শুনি ফিসফাস, 
কিছু করো কিছু করো!
এমন কিছু যেনো বুঝতে পারো 
তুমি এখনও বেঁচে আছো,   
মৃতদের মতো পড়ে থেকোনা আর। 
বিংশ শতাব্দীর পাথুরে নিদ্রাকে ত্যাগ করো, 
যা পরিণত করেছে বিক্ষুব্ধ দুঃস্বপ্নে। 
ঘুনপোকার মতো কুটকুট করে খাচ্ছে হৃদমন্দির। 
কত নির্বোধ তুমি! নিজেকে ভালো বাসোনা। 

কি করে বোঝাই তোমাদের ! 
আমার চারিপাশে নিঃস্তব্ধতার প্রাচীর তুলা, 
এমন কার সাহস আছে
সে দুর্বোদ্ধ ভাঙার? 
সেখানে পৌঁছাবার সাধ্য কারও নেই। 
হ্যা! বাঁচার জন্য কি করবো ভাবছি,
সত্যকে জানতে চেয়েছি আজীবন, 
নিজেকে ভালোবাসি বলে। 
প্রেম ভন্ড প্রেম মিথ্যা,  আগুনই সত্য।

তাই  স্বইচ্ছায়  ঢুকলাম প্রেম আগুনে,
আর ছিটকে পড়েছি শুন্যে। 
আগুনের তেজদিপ্ত শিখা আমাকে নেয়নি, 
প্রেমও যেভাবে কাছে টেনে নেয়নি। 
ফিরে এসে আবারও 
স্তব্ধ হয়ে কান পেতে রইলাম বাতাসে। 
কিছু করো কিছু করো! 
হ্যা, তবে জলই সত্য। 

ছুটলাম জলের পানে, দেখলাম ওখানে
জল ছিলোনা ছিলো মরিচিকা।
কাঁপছে রৌদ্রস্নাত উতপ্ত বালু, ধরতে গিয়ে
মুখ থুবড়ে পড়ে রইলাম সে স্ফটিকে। 
প্রেম ভন্ড প্রেম মিথ্যা, আর জল মৃত্যু। 
কান পাতলাম আবারও, 
বাতাস কি বলে! 
হ্যা মাটি সত্য, ছুটলাম মাটির কাছে।  

পা ধরে কেঁদে বললাম 
আমায় একটু জায়গা দিবে মা? 
আমার সাড়া অঙ্গ জ্বলছে, আর পারছিনা নিতে দাউদাউ অগ্নিকুন্ডের ভিতর দিয়ে চলতে।  
আমাকে মুক্তি দাও
তোমার কালগর্ভে ধারণ করো মা,  
যাতে আমি অবশেষে বিঘ্নহীন শেষ ঘুম দিতে পারি। 
আর পারছিনা, 
দেখো ! চোখের পাতায় ব্যার্থতার সীসাভারে 
নুইয়ে পড়ছে আমার সব হতাশা !