ইউনূস প্রশাসনের প্রথম বাজেট: ড. সালেহউদ্দিনের হাতে অর্থনীতির হাল ধরার দিন আজ

  • বিশেষ প্রতিনিধি
  • ২০২৫-০৬-০২ ০০:০৬:৫১
image

আগামীকাল ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি হবে বাংলাদেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ব্যবস্থার অধীনে প্রথম রাষ্ট্রীয় বাজেট। স্বাধীনতার পর থেকে দেশের বাজেট ইতিহাসে এটি এক নতুন মোড়ের সূচনা বলেই মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা।
অর্থনীতি ও ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন ড. সালেহউদ্দিন আহমেদ একাধারে রাষ্ট্রবিজ্ঞান ও পরিকল্পনা বিশারদ, আবার প্রযুক্তিনির্ভর উন্নয়ন ভাবনারও একজন ধারক। তিনি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টার দায়িত্বও পালন করছেন, যা আগামী বাজেটে প্রযুক্তি, উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক অর্থনীতির প্রতিফলন ঘটানোর ইঙ্গিত দিচ্ছে।
২০২৪ সালের জুলাই গণুভ্যুত্থানের পর ব্যবসায়ী ও পেশাজীবীদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশ এখন একটি নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক দর্শনের পথে হাঁটছে, যার মূলমন্ত্র-দায়িত্বশীলতা, ন্যায্যতা এবং টেকসই উন্নয়ন।
তাই এবারের বাজেট শুধু সংখ্যার খতিয়ান নয়, বরং এটি হতে যাচ্ছে একটি দিকনির্দেশনামূলক দলিল-যা দুর্নীতি, অপচয় ও বেনিয়ম থেকে বেরিয়ে একটি জবাবদিহিতাপূর্ণ অর্থনীতির ভিত্তি গড়ার চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে।
১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারে তাজউদ্দিন আহমেদ পেশ করেছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট। তার পর থেকে আজ অবধি বাংলাদেশের বাজেট ব্যবস্থা দেশের রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক রূপান্তর এবং উন্নয়ন ভাবনার প্রতিফলন ঘটিয়ে চলেছে।
বিশ্লেষণে দেখা যায়, এক সময়ের শতকোটি টাকার বাজেট আজ দাঁড়িয়েছে লাখ কোটি টাকায়। ১৯৭২-৭৩ অর্থবছরে বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের আকার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অংশ ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।
দীর্ঘ বাজেট ইতিহাসে সবচেয়ে বেশি বাজেট পেশ করেছেন দু’জন বর্ষীয়ান রাজনীতিক-এ এম এ মুহিত এবং এম সাইফুর রহমান। তাঁরা প্রত্যেকে ১২টি করে বাজেট পেশ করেছেন। তাঁদের হাত ধরেই বাংলাদেশের বাজেট ব্যবস্থাপনায় আধুনিকায়নের ছোঁয়া আসে। আগামী বাজেট যদি ধারাবাহিকভাবে প্রগতির বার্তা বহন করতে পারে, তাহলে ড. সালেহউদ্দিনও হয়তো নতুন এক ধারা শুরু করবেন।
অর্থনীতি বিশ্লেষকদের মতে, এবারের বাজেটে নিম্নোক্ত খাতগুলোর দিকে বিশেষ নজর দেওয়া হতে পারে:
তরুণ উদ্যোক্তা সহায়তা: স্বনির্ভরতা ও স্টার্টআপ সংস্কৃতি বিকাশে প্রণোদনা
স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে বরাদ্দ বৃদ্ধি: জনস্বাস্থ্য ও ডিজিটাল সেবার উন্নয়নে জোর
শিক্ষা ও দক্ষতা উন্নয়ন: কারিগরি শিক্ষায় বরাদ্দ বাড়ানো এবং 'স্কিল ডেভেলপমেন্ট ব্যাংক'
কৃষি ও খাদ্য নিরাপত্তা: জলবায়ু-সহনশীল চাষাবাদে ভর্তুকি
পরিবহন ও অবকাঠামো: টেকসই নগরায়ণের জন্য রেল, পদচারী সেতু, ও বাইসাইকেল লেন প্রকল্পে বরাদ্দ

প্রথাগতভাবে বাজেটের ওপর জনগণের আস্থার ঘাটতি ছিল বলেই দাবি করেন অনেকে। কিন্তু একজন নিরপেক্ষ প্রশাসকের অধীনে এই বাজেটের মাধ্যমে বাজেট-শৃঙ্খলা, খরচের যৌক্তিকতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার সুযোগ রয়েছে। সুশাসনের জন্য বাজেট একটি পরীক্ষার ক্ষেত্র হয়ে দাঁড়াবে এবার।
ড. সালেহউদ্দিন আহমেদের উপস্থাপিত বাজেট শুধু সংখ্যাগত বা কৌশলগত নয়, বরং এটি হবে রাজনৈতিক ও অর্থনৈতিক নতুন যাত্রার সূচনা। এটি পরবর্তী নির্বাচনের পথরেখাও হতে পারে। তাই আগ্রহভরে দেখছে গোটা দেশ-এই অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট সত্যিই কি ভাঙবে ‘চিরচেনা কাঠামো’?