মরুভূমিতে রোমান্স! নিরব-ইধিকার প্রথম পর্দা যাত্রা এক বিজ্ঞাপনেই ভাইরাল

  • বিনোদন ডেস্ক
  • ২০২৫-০৬-০১ ১৮:১৫:৩৯
image

ঢাকা | ১ জুন ২০২৫ |  
বাংলাদেশি দর্শকদের কাছে ইতোমধ্যেই পরিচিত নাম হয়ে উঠেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেকেই প্রশংসা কুড়িয়েছেন এই বঙ্গতনয়া। এবার তিনি ধরা দিলেন চিত্রনায়ক নিরবের সঙ্গে, তবে সিনেমায় নয়-আন্তর্জাতিক বিজ্ঞাপনচিত্রে।
আফগান কোমল পানীয়র বিজ্ঞাপনে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেন নিরব ও ইধিকা। এটি নির্মাণ করেছেন প্রখ্যাত নির্মাতা অনন্য মামুন। রোমান্স ও সিনেম্যাটিক ধাঁচে নির্মিত এই বিজ্ঞাপন ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে, ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশের সোশ্যাল মিডিয়ায়।
গল্পের প্রেক্ষাপট রীতিমতো সিনেমার মতো-দুবাইয়ের তপ্ত মরুভূমি। সেখানে গাড়ি নষ্ট হয়ে ক্লান্ত ইধিকা দাঁড়িয়ে আছেন একা। ঠিক এমন সময় ধূসর স্যুটে সুদর্শন এক ভদ্রলোক-নিরব, ক্যামেরার সামনে হাজির হন যেন জেমস বন্ড স্টাইলে। মুহূর্তেই চোখে চোখ, আর নিরব ছুঁড়ে দেন কোমল পানীয়র বোতল। পান করার পর ইধিকার চারপাশে যেন বদলে যায় আবহ-প্রেম আর প্রশান্তির হাওয়া বইতে থাকে।
শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে নিরব বলেন, “বিজ্ঞাপন হলেও এর আয়োজন ছিল পুরোপুরি সিনেমার মতো। মরুভূমির কষ্ট ছিল, তবে ইধিকার সঙ্গে কাজ করাটা একদমই জমে গেছে।” তিনি আরও জানান, আফগানিস্তানের একটি কোমল পানীয় কোম্পানির হয়ে এই বিজ্ঞাপন তৈরি হয়েছে।
বিজ্ঞাপনটির সংগীতায়োজন করেছেন আলভী, কণ্ঠ দিয়েছেন তিনি নিজেই। তার সঙ্গে গানে শোনাও গেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী সিঁথিকে। এই মিউজিকটিও দর্শকদের মন জয় করতে শুরু করেছে।
বিজ্ঞাপনচিত্রে নিরব-ইধিকার রসায়ন দেখে অনেকেই মনে করছেন, এটি হয়তো ভবিষ্যতের কোনো বড় পর্দার জুটির সূচনা। এমন ইঙ্গিত দিয়েছেন নির্মাতা অনন্য মামুন নিজেও। তিনি বলেন, “দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি দারুণ কাজ করেছে। ভবিষ্যতে সিনেমায় তাদের একসঙ্গে দেখার আগ্রহ তৈরি হওয়াটা স্বাভাবিক।”
বিজ্ঞাপনটি ইউটিউব ও ফেসবুকে প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছে জুটি। অনেকেই লিখেছেন, “এই বিজ্ঞাপনটাই যেন একটা ছোট প্রেমের সিনেমা”, “নিরব-ইধিকার রসায়ন আরও দেখতে চাই!”।