এখন ভাঙা চাঁদের আলোয় ঘুম আসে না ঠিকঠাক
সময়ের নিরাভরণ ব্যবধানে জড়িয়ে নিজেকে
ক্ষুদ্র অন্ধকারেও ভীষণ একলা লাগে মাঝে মাঝে;
মনে হয় যেনো সবকিছু থেকেও কিছু নেই
কেউ নেই পাশে আর পুরানো নিয়মে, পুরানো আপন।
বাইরে পাতা ঝরার শব্দ কিংবা রাতজাগা কোনো পাখির ডাকে
মিশে যেতে চায় মন প্রকৃতির খেয়ালে চুপচাপ,
অজস্র নক্ষত্রের কাছে, আলোর তুফানে ভেসে
হারিয়ে বাঁচতে ইচ্ছে করে খুব তুমিময় ভাবনায়।
শহর থেকে গ্রাম কিংবা তারও কিছু অধিক দূরে
ঐ দূরের আকাশ ছোঁয়া পাহাড়ের ঝর্ণার পাশে
লাল নীল হলুদ ফুলের গায়ে প্রজাপতির মতো উড়ে
কিছুটা শোভন সময়ে যদি হারিয়ে যেতে পারতাম!
তবে কি খুব বেশি ক্ষতি হয়ে যেতো পৃথিবীর!
একা থেকে থেকে বড্ড হেয়ালী হয়ে উঠে মন মাঝে মাঝে
কখনো বা ভীষণ শান্ত স্থির। তুমিও কি স্থবির হয়ে যাও কখনো?
তবে এসো একবার এইখানে, এই নির্জন দ্বীপের শিল্পে
ব্যাপক বসন্ত ছুঁয়ে হারিয়ে যাই পৃথিবীর সব রঙে রাঙিয়ে সময়
উদোম পায়ে হেঁটে পাড়ি দেই মধ্যরাতের ঐ দূরের চন্দ্রলোক।
জীবনের নানা টান পোড়েনে মৃত মাছের হাড় পাঁজরের ফসিলে
আবছায়া অন্ধকার নেমে এসেছে যেনো সমুদ্রের ঢেউয়ে।
চুম্বক স্তব্ধ নিরবতায় সব কিছু কেমন হারিয়ে যেতে বসেছে
শহর, গ্রাম কিংবা সব অচেনা লোকালয়ের কিশোর বেলা।
রাতের আঁধারে ঢেকে ধূসর পাণ্ডুলিপির মতো
কেবল খেয়ালী ভাবনায় মিশে আজকাল নতুন করে
তোমাকে জড়িয়ে বাঁচে হৃদয়, জীবনের সবুজ বসন্ত ছুঁয়ে।