ঈদের আগে ইমরান খানের মুক্তি গুঞ্জন ভিত্তিহীন: এনএবি ও সরকারি সূত্র

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৬-০১ ১৫:০৮:২৪
image

ঢাকা | ১ জুন ২০২৫ |  
ঈদ-উল-আযহার আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খানের মুক্তি পাওয়ার গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ এবং ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে দেশটির জাতীয় জবাবদিহিতা ব্যুরো (NAB) ও সরকারি কর্মকর্তারা।
রবিবার জিও নিউজের বরাতে দ্য নিউজ জানায়, ইমরান খানের মুক্তি নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো খবরের কোনও আইনগত ভিত্তি নেই বলেই দাবি করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
এনএবির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “বর্তমানে কোনও আদালতে এমন কোনও মামলা চলমান নেই, যার ভিত্তিতে ইমরান খানের জামিন বা মুক্তি সম্ভব।” তিনি আরও যোগ করেন, “ঈদের আগেই মুক্তির জন্য আমাদের কাছে কোনও আদালত নির্দেশনা কিংবা নোটিশও আসেনি।”
একইসঙ্গে সূত্রটি স্পষ্ট করে দেয়, আইনের দৃষ্টিতে কোনও দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কেবল যথাযথ শুনানি শেষে আদালতের অনুমতিতে মুক্তি পেতে পারেন। কিন্তু এখন পর্যন্ত কোনও প্রক্রিয়া শুরু হয়নি।
সরকারি মহল থেকেও একই বার্তা এসেছে। এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কোনও ধরনের সমঝোতা হয়নি, আলোচনা হয়নি এবং মুক্তির জন্য গোপনে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না।”
এতে স্পষ্ট বোঝা যাচ্ছে, পিটিআই প্রধানের মুক্তি নিয়ে যত আলোচনা চলছে, তা মূলত রাজনৈতিক গুঞ্জনের অংশ, বাস্তবতার সঙ্গে যার সম্পর্ক নেই।
ইমরান খানের আইনি উপদেষ্টা নাঈম হায়দার পাঞ্জোথা শনিবার রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, “এই মুহূর্তে ইমরান খানের মুক্তি নিয়ে প্রচলিত সব খবরই গুজব। কোনও ছাড় বা গোপন সমঝোতার প্রশ্নই ওঠে না।”
তবে পিটিআই-ঘনিষ্ঠ কিছু নেতাকর্মী ও পর্যবেক্ষক মনে করছেন, ৫ জুন ইসলামাবাদ হাইকোর্টে শুনানি রয়েছে, যেখানে কিছু আইনি অগ্রগতি হতে পারে। তবে তা এখনো অনিশ্চিত ও প্রক্রিয়াধীন।
এমন পরিস্থিতির মধ্যেই পিটিআই একাধিকবার ঘোষণা দিয়েছে, দলীয় নেতা জেলে থাকলেও আন্দোলন থেমে থাকবে না। ঈদের পরই রাজপথে বিক্ষোভ-সমাবেশের প্রস্তুতি নিচ্ছে তারা, যার নেতৃত্ব ইমরান খান জেল থেকেই দেবেন বলে জানিয়েছেন দলের মুখপাত্ররা।