রী তা রা য়

  • অনুসন্ধানী মন
  • ২০২৫-০৬-০১ ১৪:৪৪:৫১
image

সারারাত তারারা কথা কয় 
বাতাসের আভাসে ভাসে ওদের কথোপকথন,
উত্তুর জানালায় পাখিদের গুঞ্জন,
একটা- দুটো নয়, অনেক অনেক পাখি
সারারাত তারা আছে জেগে।
হয়তো রাতকে বড়ো ভালোবেসে
কোন নেই খাদ,নিঃস্বার্থ, নিষ্পাপ।

নদীবরাবর গিয়েছে যে রাস্তা সেটা -
আজ বড়ই নিস্তব্ধ, শুধু ওখানের পিঁপড়েরা
বড়ই ব্যস্থ সময় করে পার।
রাতের আকাশ কাঁদে অঝোরে
শিশিরস্নাত হয় নিত্যদিন শেফালী, বকুল।

ওপারের খেয়াঘাট কবে হয়েছে বন্ধ
মহাজনেরা আজ গেছে ফিরে ঘরে।
রাতের আকাশে ওরা কথা কয় নিরন্তর 
মল্লিকার নিথর দেহ পরে আছে -
মর্গের বাইরে এই হিমশীতল বরফ রাতে।

নীলিমার চোখের নিচে রোজ পরে গাঢ়-
 কালচে দাগ,হয়তো নির্ঘুম রাত তার।
সেঁজুতির হাসিহাসি মুখের আড়ালে
ভেজা শাড়ির আঁচল।

ওই জুই ফুলের পাশে দাঁড়ালে শুনি 
ঝাঁউবনে অভুক্ত শেয়ালের অশ্রান্ত ক্রন্দন।
একজোড়া চোখ খোঁজে উত্তর আকাশ পাড়ে-
কে সুখি এই রাতে? এ রাতে?