তরুণ প্রজন্মেই নতুন বাংলাদেশের সম্ভাবনা: শিক্ষা উপদেষ্টা ড. রফিকুল আবরার

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৫-০৬-০১ ০০:১৯:৪৪
image

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, "আমরা একসময় অধিকারহীন প্রজার মতো ছিলাম, সেই অবস্থা থেকে আমাদের মুক্ত করেছে তরুণ প্রজন্ম। নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে উঠছে তরুণদের হাত ধরেই।"
শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘জাতীয় জীববিজ্ঞান উৎসব ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আবরার বলেন, "জ্ঞানার্জন শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ নয়, সহশিক্ষা কার্যক্রমও (এক্সট্রা কারিকুলার) ছাত্রছাত্রীদের মধ্যে দায়িত্ববোধ গড়ে তোলে।" তিনি মনে করেন, জীববিজ্ঞান ও বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরির মাধ্যমে তরুণদের মাঝে যৌক্তিক চিন্তার চর্চা বাড়ানো সম্ভব।
“বায়োলজি এখন সময়ের দাবি। যারা এই বিষয়ে ক্যারিয়ার গড়বে, তারা জীবন ও সমাজকে নতুন চোখে দেখতে পারবে,” বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, “আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই, যেখানে সবার জন্য শিক্ষার সুযোগ থাকবে। কোয়ালিটি এডুকেশন হবে মৌলিক অধিকার। এই শিক্ষাই বৈষম্যহীন সমাজ ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে সহায়ক হবে।”
তিনি আরো যোগ করেন, “নাগরিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় শিক্ষার ভূমিকা অপরিহার্য।”
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত উৎসবে ২০ জন বিজয়ী হয়েছেন। তাদের মধ্য থেকে চারজন আগামী জুলাইয়ে ফিলিপাইনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. রাখহরি সরকার।
বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বুয়েট উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মো. বদরুজ্জামান, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. ছগীর আহমেদ এবং অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক ড. তারিক আরাফাত।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, “বায়োলজি শুধু পেশা নয়, জীবন সম্পর্কে নতুন উপলব্ধির মাধ্যম। তরুণ প্রজন্মকে অযৌক্তিকতা থেকে সরিয়ে এনে বিজ্ঞান ও যুক্তির পথে নিয়ে যেতে হবে।”